রূপগঞ্জে পৃথক নির্মাণাধীন ভবনে প্রাণ গেল ৩ জনের
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০১:৫১
রূপগঞ্জে পৃথক নির্মাণাধীন ভবনে প্রাণ গেল ৩ জনের
রূপগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক দুটি নির্মাণাধীন ভবনে দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন এবং ভবন থেকে নিচে পড়ে দুই রাজমিস্ত্রির মৃত্যু হয়। এসব দুর্ঘটনায় আরও দুইজন দগ্ধ ও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় একটি তিনতলা নির্মাণাধীন ভবনে থাই গ্লাস বসানোর কাজ চলছিল। এসময় ভবনের পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন ভবন মালিক আরফান মোল্লা (৫৫)। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


এ সময় তার ছেলে লিয়ন মোল্লা (৩২) এবং থাই গ্লাস মিস্ত্রি সাদিকুর রহমান (৩৫) গুরুতর দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, লিয়ন মোল্লার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।


এদিকে, একই দিন বিকেলে পূর্বাচল জলসিঁড়ি আবাসন প্রকল্পের ১৬ নম্বর সেক্টরের ৫০৩ নম্বর সড়কে অন্য একটি দুর্ঘটনা ঘটে। সেখানে একটি নয়তলা নির্মাণাধীন ভবনের ষষ্ঠ তলায় প্লাস্টারের কাজ করার সময় মাচাংয়ের রশি ছিঁড়ে দুই রাজমিস্ত্রি নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।


নিহতরা হলেন- কুড়িগ্রাম সদর উপজেলার কদমতলা গ্রামের আলমগীর ইসলাম (২৮) এবং একই উপজেলার মশলাপাড়া গ্রামের আলম বাদশা (৩৫)। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন বলেন, ভবনের পাশ দিয়ে থাকা ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এসে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। অপর একটি ঘটনায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় পড়ে দুইজনের মৃত্যু হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com