
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকালেই উপস্থিত হয়ে আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখে সেবার মান, চিকিৎসকদের উপস্থিতি ও পরিচ্ছন্নতা নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন।
শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে পৌনে ১১টা পর্যন্ত তিনি হাসপাতালে অবস্থান করেন। এ সময় চিকিৎসকদের উপস্থিতি, অপারেশন থিয়েটার, রোগীসেবা, স্টোর রুম, বাথরুম এবং হাসপাতাল চত্বরের পরিচ্ছন্নতা পরিদর্শন করেন।
মন্ত্রী জানান, অনুমোদিত ৩২ জন চিকিৎসকের মধ্যে ১২ জন সংযুক্ত (অ্যাটাচমেন্টে) এবং ৪ জন অনুপস্থিত। মাত্র ১৫ জন চিকিৎসক দিয়ে হাসপাতাল পরিচালনা কঠিন বলে তিনি মন্তব্য করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হাসপাতালে দালাল চক্র সক্রিয় রয়েছে। তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। অ্যাম্বুলেন্সে দালালি ও অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, দুর্নীতিমুক্ত স্বাস্থ্যখাত গড়ে তোলা এবং গ্রামীণ জনগণকে হয়রানিমুক্ত চিকিৎসা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
পরিদর্শন শেষে সিংগাইর পৌরসভার আয়োজিত মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী। পরে হাসপাতাল চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার, সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, হাসপাতালের কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিবার্তা/হাবিবুর রহমান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]