টাঙ্গাইলে খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ ট্রাক লুটের চেষ্টা
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০১:৩১
টাঙ্গাইলে খাদ্যবান্ধব কর্মসূচির চালসহ ট্রাক লুটের চেষ্টা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিক টন চালসহ একটি ট্রাক লুটের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে পুলিশ। জরুরি সেবা ৯৯৯–এ ফোন পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে ট্রাকটি উদ্ধার করে পুলিশ।


এ ঘটনায় বৃহস্পতিবার (১২ মার্চ) টাঙ্গাইল সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।


জানা যায়, সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ি বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ওয়াজেদ এন্টারপ্রাইজের মালিক ও স্থানীয় বিএনপি নেতা মো. ওয়াজেদ আলী গত সোমবার (৯ মার্চ) বিকেলে টাঙ্গাইল খাদ্য গুদাম থেকে ১৬ মেট্রিক টন চাল উত্তোলন করেন। পরে ট্রাকযোগে (ঢাকা মেট্রো-ট-২০-৫৯৮৬) চালগুলো কুইজবাড়ি বাজারে তাঁর অস্থায়ী গোডাউনের সামনে নিয়ে আসা হয়।


চাল আনলোড করার সময় স্থানীয় কয়েক ব্যক্তি এতে বাধা দেয় এবং বাজারে ব্যবসা করতে চাইলে ডিলার ওয়াজেদ আলীর কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তারা ট্রাকসহ চাল লুটের উদ্দেশ্যে ট্রাকটি জোরপূর্বক নিয়ে বড়বাসালিয়ার দিকে চলে যায় বলে অভিযোগ করা হয়েছে।


এ সময় ওয়াজেদ আলী জরুরি সেবা ৯৯৯–এ ফোন করে বিষয়টি জানালে টাঙ্গাইল সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা বড়বাসালিয়া ব্রিজের ওপর ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকসহ চাল উদ্ধার করে ডিলারের জিম্মায় দেয়।


খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মো. ওয়াজেদ আলী দাবি করেন, স্থানীয় বিএনপির এক শীর্ষ নেতার মদদে কয়েকজন ব্যক্তি তাঁর ব্যবসায়িক ক্ষতি করার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে। তিনি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


এ বিষয়ে মগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, অভিযুক্তদের ১-২ জনের সঙ্গে ডিলারের পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে পুলিশ দ্রুত চালসহ ট্রাক উদ্ধার করায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানো গেছে।


টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, জরুরি সেবা ৯৯৯–এ ফোন পাওয়ার পর এসআই মোজাম্মেলের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশ গিয়ে ট্রাকসহ চাল উদ্ধার করে ডিলারের কাছে পৌঁছে দেয়। এ ঘটনায় ডিলার ওয়াজেদ আলী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com