
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। অস্তিত্বহীন বা অনুপস্থিত শিক্ষকের নামে বেতন প্রদান, সচল কেন্দ্র বিনা নোটিশে বন্ধ করে দেওয়া এবং ২০২৫ সালের যাকাত তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের দেউপুর বড়বাজু সেলিমের বাড়ি মক্তবের প্রাক-প্রাথমিক কেন্দ্রটি সচল থাকা সত্ত্বেও কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই সাবেক ফিল্ড সুপারভাইজার গোলাম ফারুক ও মডেল কেয়ারটেকার আকবর আলী হঠাৎ করে কেন্দ্রটি বন্ধ করে দেন। অভিযোগ রয়েছে, গোলাম ফারুক দায়িত্বে থাকাকালে কেন্দ্রটি একদিনও পরিদর্শনে যাননি।
অন্যদিকে, বল্লা ইউনিয়নের সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা ফারজানা আক্তার শিমু গত চার বছর ধরে ঢাকার বারডেম হাসপাতালে নার্স হিসেবে কর্মরত থাকলেও নিয়মিতভাবে তার নামে বেতন উত্তোলন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
একইভাবে গোহালিয়াবাড়ী ইউনিয়নের কেন্দ্রের শিক্ষক মো. রাশেদুল ইসলাম গত তিন বছর ধরে টাঙ্গাইল সদরে বেক্সিমকো কোম্পানিতে কর্মরত থাকলেও তার নামেও বেতন প্রদান করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এছাড়া, অভিযোগে বলা হয়—২০২৫ সালের রমজান মাসে মডেল কেয়ারটেকার আকবর আলী ও সাধারণ কেয়ারটেকার আব্দুল করিম উপজেলার ১৭৫ জন শিক্ষকের কাছ থেকে প্রতি জনের নিকট ৩ হাজার টাকা করে মোট ৫ লাখ ২৫ হাজার টাকা যাকাত তহবিলের নামে উত্তোলন করেন। কিন্তু টাঙ্গাইল ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের কার্যালয়ে ব্যাংকের মাধ্যমে জমা দেওয়া হয়েছে মাত্র ১ লাখ ৭৫ হাজার টাকা।
অভিযোগকারীরা বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মডেল কেয়ারটেকার আকবর আলী তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, যে পরিমাণ অর্থ উত্তোলন করা হয়েছে, তা নিয়ম অনুযায়ী ব্যাংকের মাধ্যমে জমা দেওয়া হয়েছে।
বল্লা ইউনিয়নের শিক্ষিকা ফারজানা আক্তার শিমুর বিষয়ে তিনি জানান, তার পরিবর্তে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আর গোহালিয়াবাড়ী ইউনিয়নের শিক্ষক মো. রাশেদুল ইসলাম প্রতিদিন সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত দায়িত্ব পালন করে পরে টাঙ্গাইলে ওষুধ কোম্পানিতে চাকরি করেন।
এ বিষয়ে কালিহাতী ইসলামিক ফাউন্ডেশনের সাবেক ফিল্ড সুপারভাইজার, বর্তমানে বগুড়ায় কর্মরত গোলাম ফারুক মোবাইল ফোনে জানান, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তার দায়িত্বকালীন সময়ে যাকাত তহবিলসহ কোনো ধরনের অনিয়ম হয়নি বলেও দাবি করেন তিনি।
বর্তমান ফিল্ড সুপারভাইজার রাসেল আহম্মেদ বলেন, তিনি গত মাসে এখানে বদলি হয়ে এসেছেন এবং এখনো সব কেন্দ্র পরিদর্শন করা সম্ভব হয়নি। বল্লা ও গোহালিয়াবাড়ী ইউনিয়নের শিক্ষকদের বিষয়ে অভিযোগ সত্য হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যাকাত তহবিলের বিষয়ে তিনি জেলা কার্যালয়ের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন টাঙ্গাইল জেলার উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, তিনি গত বছরের নভেম্বরে এখানে যোগদান করেছেন। এর আগে কালিহাতী অফিস থেকে যাকাত তহবিলের টাকা উত্তোলন ও জমা দেওয়া হয়েছে। বিষয়টি তদন্তে একটি কমিটি কাজ করছে। তদন্তে কোনো দুর্নীতি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]