
রাজবাড়ীর কালুখালীতে রাতের আঁধারে কৃষকের রসুন ও পেঁয়াজ ক্ষেত থেকে তুলে পাশের পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক উপজেলার মদাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত পিন্টু আলী মন্ডলের ছেলে মো. আসমত মন্ডল (৫৫)। তিনি চলতি মৌসুমে দুর্গাপুর মাঠে ৮ শতাংশ জমিতে রসুন ও ৪০ শতাংশ জমিতে পেঁয়াজ চাষ করেছিলেন।
ক্ষতিগ্রস্ত কৃষক আসমত মন্ডল বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে মাঠে গিয়ে দেখি আমার ক্ষেতের রসুন ও পেঁয়াজ তুলে পাশের পুকুরে ফেলে দিয়েছে। রাতের আঁধারে দুর্বৃত্তরা এমন কাজ করতে পারে।আমি ধার দেনা করে চাষ পেঁয়াজ, রসুন করেছিলাম। এখন আমার সব শেষ হয়ে গেলো! প্রশাসনের কাছে আমি এর সঠিক বিচার চাই।
প্রতিবেশী কৃষক বাবু শিং বলেন, যারা এই কাজের সঙ্গে জড়িত তাদের আইনানুগ শাস্তির ব্যবস্থা করা উচিত। আজ আসমত ভাইয়ের ফসল নষ্ট করেছে, কাল অন্য কারো ক্ষতি করতে পারে।
আরেক কৃষক আহম্মেদ আলী মন্ডল বলেন, আমরা অনেক কষ্ট করে ফসল উৎপাদন করি। যদি এভাবে ফসল নষ্ট করা হয়, তাহলে চাষাবাদ করা কঠিন হয়ে পড়বে। প্রশাসন দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করুক।
এ বিষয়ে কালুখালী উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। যারা এ ধরনের কাজের সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনা প্রয়োজন। আমি ইতোমধ্যে উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শনে পাঠিয়েছি। ক্ষতিগ্রস্ত কৃষককে প্রণোদনার আওতায় আনার বিষয়টিও বিবেচনা করা হবে।
ঘটনার পর থেকে এলাকায় উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিবার্তা/মিঠুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]