আওয়ামী লীগের সাবেক এমপি জোয়াহেরের দ্বিতীয় জানাজায় জনতার ঢল
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০২:০১
আওয়ামী লীগের সাবেক এমপি জোয়াহেরের দ্বিতীয় জানাজায় জনতার ঢল
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)-এর দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।


সোমবার (২ মার্চ) দুপুর ১২টায় টাঙ্গাইল জেলা সদর হেলিপ্যাডে তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। কোর্ট বিল্ডিং জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাফিজুর রহমান জানাজায় ইমামতি করেন। এতে রাজনৈতিক নেতাকর্মী, আইনজীবী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।
পরে বিকেল ৩টায় সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বেরবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এ সময় গার্ড অব অনার প্রদান করা হয়।


জানা গেছে, ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। রবিবার (১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে তার মরদেহ বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আনা হয়। রাতে বেনাপোল-পেট্রোপোল শূন্যরেখায় ভারতীয় অ্যাম্বুলেন্স থেকে মরদেহ বাংলাদেশি ফ্রিজিং লাশবাহী অ্যাম্বুলেন্সে স্থানান্তর করা হয়। সেখান থেকে ভোরে টাঙ্গাইল শহরের ছোট কালিবাড়ী এলাকায় নিজ বাসভবনে নেওয়া হয়।


মরহুমের ছোট ভাই আতোয়ার রহমান জানান, গত ২৭ ফেব্রুয়ারি রাত ১০টা ২০ মিনিটে কলকাতার দমদম এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর তিন দিন আগে থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। বার্ধক্যজনিত জটিলতা, মাল্টি অর্গান ফেইলিওর ও হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। শেষ সময়ে স্ত্রী ও মেয়ে তার পাশে ছিলেন। প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের অনাপত্তিপত্র (এনওসি) নিয়ে মরদেহ দেশে আনা হয়।


জানাজায় উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী (বঙ্গবীর বীরউত্তম), টাঙ্গাইলের সাবেক পিপি এস আকবর খান, জেলা অ্যাডভোকেট বার সমিতির সভাপতি মোনায়েম হোসেন খান আলম, সাধারণ সম্পাদক সাদিউর রহমান স্বপনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আইনজীবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


উল্লেখ্য, জোয়াহেরুল ইসলাম পেশায় টাঙ্গাইল আদালতের একজন আইনজীবী ছিলেন। ছাত্রজীবনে তিনি করটিয়া সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের দুইবারের নির্বাচিত ভিপি এবং টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। ২০১৭ সালে তিনি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি ভারতে অবস্থান শুরু করেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে।


তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com