
রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় উপজেলায় কর্মরত সকল সরকারী দপ্তরের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন রাজবাড়ী-২ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মো. হারুন-অর রশিদ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিফাতুল হকের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মো. হারুন-অর রশিদ উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আমাদের এক একজনের মতাদর্শের ভিন্নতা থাকবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তবে আমরা জনগণের সমর্থন নিয়ে চেয়ারে বসেছি এখন আর কোন ভেদাভেদ থাকবে না। আমরা সকল ধর্ম বর্ণের মানুষের স্বার্থে কাজ করবো। আমাদের নির্বাচন করেন নাই সেও যদি অবহেলিত থাকে তবে অগ্রাধিকার ভিত্তিতে তার কাজটি আগে করা হবে।
এসময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারা দেশে মোট ১৪টি স্থানে প্রথম ধাপে ফ্যামেলি কার্ড দেওয়া হবে। এর মধ্যে আমাদের পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের একটি ওয়ার্ডে দেওয়া হবে। সুতরাং আমাদের পার্টি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃষ্টি আছে আমাদের দিকে। শুধু তাই নয় আমাদের ছোট্ট একটি জেলায় একজন প্রতিমন্ত্রী ও একজন পূর্ণ মন্ত্রী মর্যাদার উপদেষ্টা পেয়েছি।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সমাজের সচিত্র তুলে ধরেন। আমি ও আমার দল চায় সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করবে। এছাড়াও আমরা আপনাদের স্বার্থে কাজ করব।
বিবার্তা/মিঠুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]