
রাজবাড়ীর পাংশা উপজেলায় কলিমহর বাজার থেকে হাটবনগ্রাম বাজার পর্যন্ত সড়ক নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার প্রকৌশলীর প্রতিনিধির উপস্থিতিতে রাস্তা সংস্কার কাজে ঠিকাদার নিম্নমানের উপকরণ ব্যবহার করেছেন বলে অভিযোগ এলাকাবাসীর। নিম্নমানের পুরান ইট দিয়ে রাস্তা সংস্কারের কাজ করলে স্থানীয়দের তোপের মুখে কাজ বন্ধ করে দেন উপজেলা প্রকৌশলী।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কলিমহর বাজার এলাকায় রাস্তা সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগে কাজ বন্ধ করা হয়। এ সময় নিম্নমানের ইট সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেন উপজেলা প্রকৌশলী।
উপজেলা প্রকৌশল অফিস সূত্র জানায়,ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পূর্ণবাসন শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলার কলিমহর বাজার থেকে হাটবনগ্রাম বাজার পর্যন্ত ৩১শ মিটার রাস্তা সংস্কার কাজের জন্য বরাদ্দ হয় ২ কোটি ৪৯ লক্ষ ৩৪ হাজার ৯৬৭ টাকা ১০ পয়সা। সড়কটি পুনর্নির্মাণের জন্য ঠিকাদার হিসেবে নিয়োগ পায় রাজশাহী বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।পরে পাংশার সরদার এন্টারপ্রাইজের মালিক মো: মোতাহার সরদার এই সড়কের কাজের সাব-ঠিকাদার হিসেবে নিয়োগ পান।
স্থানীয়রা জানান, শুরু থেকেই ঠিকাদার প্রতিষ্ঠান নিম্নমানের পুরাতন ইট দিয়ে কাজ করে আসছে।বিষয়টি স্থানীয় সরকার প্রকৌশলীর প্রতিনিধির কাছে একাধিক বার জানানো হলেও তিনি বিষয়টি অবহেলা করেন। বাধ্য হয়ে কাজে বাধা দেয় স্থানীয়রা। একপর্যায়ে স্থানীয়দের তোপের মুখে কাজ বন্ধ করে দেন উপজেলা প্রকৌশলী।
উপজেলা প্রকৌশলী প্রনব কান্তি বল জানান, ‘অনিয়মের বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে এসে সত্যতা পেয়েছি। তাই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। নিম্নমানের পুরাতন ইট ঠিকাদারকে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’
বিবার্তা/মিঠুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]