
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। নবগঠিত মন্ত্রিসভায় বড় চমক হিসেবে টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু তিনটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ শেষে মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, দলীয় নিষ্ঠা, সাংগঠনিক দক্ষতা ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার স্বীকৃতিস্বরূপ তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
জানা গেছে, সালাউদ্দিন টুকুকে কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব অর্পণ করা হয়েছে। তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে তার ওপর বিশেষ আস্থা রেখেছে নতুন সরকার।
শপথ গ্রহণের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, টাঙ্গাইলবাসী আমাকে মন্ত্রিসভায় দেখতে চেয়েছিল—তাদের সেই প্রত্যাশা পূরণ হয়েছে। আমার ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চাই। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া এবং নেতা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। সফলভাবে দায়িত্ব পালনে সবার দোয়া কামনা করছি।
এদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার খবর ছড়িয়ে পড়তেই টাঙ্গাইল-৫ (সদর) আসনের শহর ও উপজেলার বিভিন্ন এলাকায় আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। বিএনপির নেতা-কর্মীরা মিষ্টি বিতরণ করেন এবং আনন্দ মিছিল বের করেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও শুভেচ্ছা ও অভিনন্দনের ঢল নামে।
স্থানীয়রা জানান, দীর্ঘ ৩৬ বছর পর টাঙ্গাইল সদর থেকে নির্বাচিত কেউ মন্ত্রিসভায় স্থান পাওয়ায় এলাকার মানুষ গর্বিত ও আনন্দিত। টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক বলেন, “সালাউদ্দিন টুকু মন্ত্রিসভায় স্থান পাওয়ায় শুধু দলের নয়, সদর উপজেলার সর্বস্তরের মানুষ আনন্দিত। তার নেতৃত্বে এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে আমরা আশাবাদী।”
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট পেয়ে বিজয়ী হন সালাউদ্দিন টুকু। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে তিনি প্রায় ৫১ হাজার ভোট বেশি পান।
এবারই প্রথম জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। ছাত্রদল ও যুবদলের সভাপতি হিসেবে দীর্ঘদিন নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার কারণে তাকে প্রায় ৩৫০টি মামলার মুখোমুখি হতে হয় এবং ১২ দফা কারাভোগ করেন। এ সময় তিনি মোট প্রায় পাঁচ বছর কারাগারে ছিলেন এবং টানা ৪৬ দিন রিমান্ডেও থাকতে হয়েছে।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]