
টাঙ্গাইল-৫ (সদর) আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়া বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দলীয় নেতা তারেক রহমান যেখানে দায়িত্ব দেবেন, সেখানেই তিনি কাজ করবেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়ায় নিজ বাসভবনের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রীত্ব প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
টুকু বলেন, আমার নেতা দেশনায়ক তারেক রহমানের প্রতি আমার পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। তিনি যখন যে জায়গায় আমাকে দায়িত্ব দেবেন, আমি সেভাবেই কাজ করব, ইনশাআল্লাহ।
পহেলা ফাল্গুন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্রের বসন্ত বয়ে যাচ্ছে। মানুষের হৃদয়ের এই বসন্ত যেন কল্যাণ ও শান্তির বার্তা বয়ে আনে। আমরা সবাই মিলে টাঙ্গাইলকে একটি আধুনিক ও মডেল জেলায় রূপ দিতে চাই। এ জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।
তিনি আরও বলেন, টাঙ্গাইল সদরের জনগণ যে বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। এই বিজয় জনগণের বিজয়। তারা যে প্রত্যাশা নিয়ে আমাকে ভোট দিয়েছেন, তা শতভাগ পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।
সদরের ভোটারদের উদ্দেশে টুকু বলেন, ৪ লাখ ৬৫ হাজার ভোটারের প্রতিনিধি হিসেবে আমি সবার এমপি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থান নিশ্চিত করাই আমার অঙ্গীকার।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা অনেক পরিশ্রম করেছেন। সবাই ধৈর্য ও সংযম বজায় রাখবেন। কোনো উস্কানিতে পা দেবেন না। সহাবস্থান ও সহমর্মিতার পরিবেশ বজায় রেখে শান্তির টাঙ্গাইল গড়ে তুলব।
দুই ভাই একসঙ্গে সংসদ সদস্য নির্বাচিত হওয়া প্রসঙ্গে টুকু বলেন, আমার ভাই আব্দুস সালাম পিন্টু দীর্ঘদিন কারাভোগ ও নির্যাতন সহ্য করেছেন। নির্বাচনে তার জয়ে আমি আনন্দিত। জনগণ ধর্ম-বর্ণ নির্বিশেষে ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছে, এবং তার বিজয়ের ব্যবধানও রেকর্ড হয়েছে।
শেষে তিনি টাঙ্গাইল সদরের জনগণ ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]