
‘এসো করি আউটডোর ক্লাস, নিজের মেধা করি বিকাশ’ স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী রাজবাড়ীর পদ্মা নদীর নির্মল বাতাস, নীল আকাশ এবং নদীর ঢেউয়ের মাঝে ক্ষুদে শিল্পীরা মেতেছিল রঙের উৎসবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজবাড়ীর গোদাবাজার এলাকার ‘পদ্মা পুলক’ চত্বরে ‘কালার পেন্সিল আর্ট একাডেমি এন্ড গ্যালারি’ আয়োজন করে ‘আউটডোর ক্লাস ২০২৬’, যেখানে ২য় থেকে ১০ম শ্রেণির অন্তত ৬০ জন শিক্ষার্থী অংশ নেয়।
পদ্মা নদীর পাড়ে কেউ ইজিচেয়ারে হেলান দিয়ে, কেউ ঘাসের ওপর বসে তুলির প্রতিটি আঁচড়ে জীবন্ত হয়ে উঠছিল পদ্মার ব্লক, পাড়ে নোঙর করা নৌকা এবং আকাশের মেঘ। এই খোলা আকাশের নিচে ছবি আঁকার সুযোগে শিক্ষার্থীদের চোখে-মুখে আনন্দের ঝিলিক দেখা যাচ্ছিল। বিপুল সংখ্যক অভিভাবকও উপস্থিত থেকে তাদের উৎসাহ যোগ করেন।
প্রাপ্তি দাস, ব্যপ্তি দাসসহ শিক্ষার্থীরা জানান, পদ্মা নদীর পাড়ে বসে, নদীর ঢেউ আর প্রকৃতির সৌন্দর্যকে সামনে রেখে ছবি আঁকা একেবারেই ভিন্ন অভিজ্ঞতা। খোলা বাতাস, নীল আকাশ এবং পদ্মার ঢেউ আমাদের ক্যানভাসে জীবন এনে দিয়েছে। এ ধরনের আউটডোর ক্লাস আমাদের জন্য শুধু আনন্দই নয়, সৃজনশীলতার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
অভিভাবকরা এই উদ্যোগের প্রশংসা করে জানান, নিয়মিত পড়াশোনার চাপ এবং শহরের সীমাবদ্ধ জীবনে শিশুদের জন্য এ ধরনের আউটডোর ক্লাস মানসিক সতেজতা এবং সৃজনশীলতার জন্য অপরিহার্য।
‘কালার পেন্সিল আর্ট একাডেমি এন্ড গ্যালারি'র পরিচালক (প্রশিক্ষক) চিত্রশিল্পী মো. সেলিম খান বলেন, বর্তমান শিশুরা ঘরের কোণে বন্দি হয়ে পড়ছে এবং মোবাইল ফোনে আসক্ত হয়ে কল্পনাশক্তি হারাচ্ছে। চিত্রাঙ্কনের মাধ্যমে আমরা যখন তাদের প্রকৃতির কাছে নিয়ে আসি, তখন তাদের মেধার প্রকৃত বিকাশ হয়, পর্যবেক্ষণ ক্ষমতা বাড়ে এবং পরিবেশের প্রতি মমত্ববোধ তৈরি হয়।
তিনি বলেন, সরকারি সহায়তা পেলে আমরা এটি আরও বড় পরিসরে আয়োজন করতে পারব।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা ‘আই লাভ রাজবাড়ী’ থিমে আঁকা ছবির সঙ্গে মিলনমেলায় অংশ নেয়। রাজবাড়ীর সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, আজিজা খানম, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রাজ্জাকুল আলমসহ অতিথিরা শিক্ষার্থীদের কাজ পরিদর্শন করে পুরস্কার বিতরণ করেন।
বিবার্তা/মিঠুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]