রাজবাড়ীতে ৫৭ হাজার নতুন ভোটার, বেড়েছে ভোটকেন্দ্রের সংখ্যা
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৩
রাজবাড়ীতে ৫৭ হাজার নতুন ভোটার, বেড়েছে ভোটকেন্দ্রের সংখ্যা
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ীর ২টি সংসদীয় আসনে এবার ভোটার সংখ্যা বেড়েছে ৫৭ হাজার ৩০৮ জন। এর মধ্যে অধিকাংশ ভোটারই প্রথম বারের মতো সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তরুণ ভোটার ছাড়াও কিছু প্রবাস ফেরত ভোটার যুক্ত হয়েছেন এ নির্বাচনে। রাজবাড়ী ২টি সংসদীয় আসনের মধ্যে রাজবাড়ী-২ আসনে বেশি নতুন ভোটার যোগ হয়েছে।


জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলায় মোট ভোটার ছিলেন ৯ লাখ ৩২ হাজার ৪৯০ জন। এবারের নির্বাচনে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ লাখ ৮৯ হাজার ৯০৮ জনে।


সর্বশেষ হালনাগাদ তথ্যানুযায়ী, মোট ভোটারের মধ্যে বর্তমানে পুরুষ ভোটার ৫ লাখ ১ হাজার ৭৫৮ জন, নারী ভোটার ৪ লাখ ৮৮ হাজার ১৩৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৩ জন। আগের নির্বাচনে তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ৯ জন।


এদিকে এবারের নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যাও বেড়েছে। আগে যেখানে কেন্দ্র ছিল ৩৫০ টি, এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৪ টি।


রাজবাড়ী জেলার ২টি সংসদীয় আসনের মধ্যে রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনে ভোটার সংখ্যা বেড়েছে ২৬ হাজার ৩৪ জন, রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনে ভোটার বেড়েছে ৩১ হাজার ৩৭৪ জন।


জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কে সামনে রেখে রাজবাড়ী ২ টি আসনে পোস্টাল ব্যালট নিবন্ধন করেছেন মোট ১৩ হাজার ১৪৯ জন।এর মধ্যে রাজবাড়ী-১ আসনে ৫ হাজার ৬৩ জন এবং রাজবাড়ী-২ আসনে ৮ হাজার ৮৬ জন।


নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ এবং অনলাইন নিবন্ধনের সুযোগ থাকায় ভোটার সংখ্যা বেড়েছে। স্বচ্ছতা নিশ্চিত করতে মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।


সংশ্লিষ্টরা বলছেন,নারী ও তরুণ ভোটারদের বৃদ্ধি নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে।নতুন ভোটারদের বড় অংশ তরুণ, যারা প্রথমবার ভোট দেবেন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকায় প্রার্থীরা ডিজিটাল প্রচারণায় জোর দিয়েছেন। ফলে নির্বাচন ঘিরে তরুণ ভোটারদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে।


তরুণ ভোটার কলেজশিক্ষার্থী কাঞ্চন বিশ্বাস বলেন, ‘জীবনের প্রথমবারের মতো ভোট দিতে পারব। এটি অন্য রকম এক অনুভূতি হবে আমার জন্য।


এর আগে অনেককে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে দেখেছি। আমার অনেক দিনের স্বপ্ন এবারের নির্বাচনে পূরণ হবে। আশা করছি আমি আমার ভোট সৎ ও যোগ্য প্রার্থীকে দেব।’


জেলার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা সেক মুহাম্মাদ জালাল উদ্দীন বলেন, ‘নতুন ভোটারের বেশির ভাগই তরুণ ভোটার। নির্বাচনের সব কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি।’


তিনি আরও বলেন, ‘এবার একই সঙ্গে গণভোট অনুষ্ঠিত হবে। সেজন্য তরুণ ভোটারের গুরুত্ব অনেক।’


বিবার্তা/মিঠুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com