
নির্বাচনে জনগণের রায় পেলে ফরিদপুর বিভাগ বাস্তবায়নসহ এলাকার কৃষি ব্যবস্থাপনার আধুনিকায়নের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার দুপুরে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে ফরিদপুর বিভাগ (সাংগঠনিক বিভাগ) বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
এদিন দুপুর দুইটা ৪০ মিনিটের দিকে তিনি সমাবেশস্থলের পাশে ফরিদপুর স্টেডিয়ামের মাঠে হেলিকপ্টার থেকে নামেন। এরপর গাড়িতে করে দুপুর ২টা ৫৫ মিনিটের দিকে মঞ্চে ওঠেন। পরে দুপুর ৩টা ২১ মিনিটে বক্তব্য শুরু করেন।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আজকের এই নির্বাচনী জনসভায় আপনাদের সামনে আমি এতটুকু বলতে চাই, ফরিদপুর বিভাগ গঠন করলে যদি সমস্যা সমাধান হয় তাহলে বিএনপি এটা সমাধান করবে। আমরা শুনেছি, প্রত্যেক এলাকায় এত উন্নয়ন হয়েছে তাহলে আপনাদের প্রার্থীরা এত সমস্যার কথা বললো কেন? বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ। দেশে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার থাকলেই কেবল দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়।
তিনি বলেন, ১২ তারিখ দেশের মানুষ বিএনপিকে ভোট দিলে আমরা কী কী করব তার পরিকল্পনা করেছি। এই এলাকার অন্যতম একটি সমস্যা নদী ভাঙন। কৃষিপ্রধান এই এলাকায় নদী ভাঙন রোধ করতে পারলে এই গ্রেটার ফরিদপুরের অন্যতম সেরা ফসল পাটকে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা পাব।
তিনি আরও বলেন, কৃষকদের পাশে দাঁড়ানোর জন্যই আমরা কৃষকদের কৃষক কার্ড দেব। তার মাধ্যমে ফসল ফলাতে বীজ সার পৌঁছে দিতে চাই। এই এলাকার একটি অন্যতম সমস্যা বেকারত্ব। আমরা ক্ষমতায় গেলে প্রত্যেক এলাকায় বৈশিষ্ট্যপূর্ণ কলকারখানা করব যাতে তারা সম্মানের সাথে বেঁচে থাকতে পারে। নারীদের পেছনে ফেলে আমরা এগিয়ে যেতে পারব না। এজন্য নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেব। এর মাধ্যমে খেটে খাওয়া পরিবারগুলো কিছু সহায়তা পাবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]