
একাত্তরের পরাজিত শক্তিরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিজয় র্যালিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
এর আগে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখান থেকে একটি বিজয় র্যালি বের করা হয়, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর উদ্যানে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। সেখানে পুনরায় ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে মহান মুক্তিযুদ্ধের শহীদদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিজয় র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে এ দেশের মানুষ মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে। ৩০ লাখ শহীদের রক্ত এবং ২ লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এই বাংলাদেশ অর্জিত হয়েছে।
তিনি আরও বলেন, দুঃখজনক হলেও সত্য, আজ আমরা দেখছি একাত্তরের পরাজিত শক্তিরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। গতকাল বিভিন্ন স্থানে তারাই শহীদ বুদ্ধিজীবী দিবস নিয়ে আলোচনা করেছে। এটি এ দেশের মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। যারা ঘাতক, তারাই আবার ইতিহাস নিয়ে কথা বলে—এটি মেনে নেওয়া যায় না।
আগামী দিনের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান যে স্লোগান দিয়েছেন—‘দিল্লি নয়, পিণ্ডি নয়, সবার আগে বাংলাদেশ’—এই চেতনাকে বুকে ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আগামী ২৫ ডিসেম্বর তিনি বীরের বেশে দেশে ফিরবেন, ইনশাল্লাহ। তাঁর নেতৃত্বেই আগামী দিনে বাংলাদেশের মানুষ প্রকৃত অর্থে বিজয় দিবস উদযাপন করবে।
নির্বাচন প্রসঙ্গে টুকু বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে। হাদিকে গুলি করা হয়েছে, এরশাদ উল্লাহকে গুলি করা হয়েছে। এসব কাজ করছে গুপ্ত সংগঠনগুলো। এ অবস্থায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সকল মতভেদ ভুলে গিয়ে ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, জেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফ পাহেলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইথেনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিবার্তা/ইমরুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]