হজে গিয়ে সৌদিতে ২১ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
প্রকাশ : ২২ মে ২০২৬, ১৫:৫৩
হজে গিয়ে সৌদিতে ২১ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কা ও মদিনায় আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত সর্বমোট ২১ বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করলেন। তাদের মধ্যে ১৫ পুরুষ এবং ৬ নারী। শুক্রবার (২২ মে) এ তথ্য নিশ্চিত করেছে মক্কার বাংলাদেশ হজ অফিস।


হজ অফিস সূত্রে জানা গেছে, নতুন করে মারা যাওয়া তিন হজযাত্রীর মধ্যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা সুলতানা চৌধুরী (৭৯) মক্কায় স্বাভাবিকভাবে ইন্তেকাল করেন।


এছাড়া মদিনায় মারা গেছেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মো. জাকির হোসেন (৬২) এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মো. কামাল হোসাইন (৬১)।


তাদের মৃত্যুও স্বাভাবিক বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


এদিকে, সরকারি বুলেটিনের তথ্য অনুযায়ী, আজ সকাল পর্যন্ত মোট ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭২ হাজার ৯৬৮ জন। মোট ১৯৯টি ফ্লাইটে সৌদি আরবের জেদ্দা, মক্কা ও মদিনায় পৌঁছান তারা।


সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজিদের স্বাস্থ্য ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে আইটি ও হেল্পডেস্কের কার্যক্রম পুরোদমে চলছে। মক্কা ও মদিনায় স্থাপিত চিকিৎসাকেন্দ্র থেকে এখন পর্যন্ত ৪৩ হাজার ৪৪০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) প্রদান করা হয়েছে। একইসঙ্গে আইটি হেল্পডেস্কের মাধ্যমে হজযাত্রীদের বিভিন্ন ধরনের ২০ হাজার ২৮৮টি ডিজিটাল সেবা দেওয়া হয়েছে।


উল্লেখ্য, আগামী ২৬ মে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা (আরাফাহর ময়দানে অবস্থান) অনুষ্ঠিত হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com