মৃত এমপিকে ফুটবল টুর্নামেন্টে আমন্ত্রণ জানাল মন্ত্রণালয়!
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১৮:১৫
মৃত এমপিকে ফুটবল টুর্নামেন্টে আমন্ত্রণ জানাল মন্ত্রণালয়!
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান মারা গেছেন এক বছরেরও বেশি সময় আগে। তার আসন থেকে এবার সংসদ সদস্য হয়েছেন ছেলে সাঈদ আল নোমান। কিন্তু মৃতুর পরও তিনি যেন রয়ে গেছেন জাতীয় সংসদ কক্ষের চেনা ডেস্কে! কাগজের দলিলে তেমনটাই মনে করিয়ে দিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। চিরদিনের জন্য পৃথিবী ছেড়ে যাওয়া সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানকে সংসদ সদস্য সম্বোধন করে একটি রাষ্ট্রীয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত আসরে আমন্ত্রণ জানিয়েছে এই মন্ত্রণালয়। এ নিয়ে সমালোচনার মুখে পড়েছেন সংশ্লিষ্টরা।


এদিকে বাবার মৃত্যুর পর তারই আসনে নির্বাচিত হয়ে আসা সন্তান, বর্তমান সংসদ সদস্য সাঈদ আল নোমান নিজের ডেস্কে প্রয়াত বাবার নামের সেই আমন্ত্রণপত্রটি দেখে ক্ষুব্ধ হওয়ার বদলে আবেগাপ্লুত হয়ে পড়েছেন।


বুধবার (১৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া সাঈদ আল নোমানের একটি আবেগঘন স্ট্যাটাস রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। মন্ত্রণালয়ের এই মারাত্মক প্রশাসনিক ভুলকে তিনি দেখেছেন কিছুটা অন্যভাবে।


ফেসবুকে দেওয়া পোস্টে সাঈদ আল নোমান লিখেছেন, ১৭ জুন আমার জীবনের বড় এক বিমূর্ত প্রাপ্তির দিন। অধিবেশন চলাকালীন এ মুহূর্তটি আমাকে দারুণভাবে আবেগাপ্লুত করেছে। আমার ডেস্কে একটি দাওয়াতপত্র পৌঁছাল, যেখানে ‘আবদুল্লাহ আল নোমান’ নামটি লেখা।'


সাঈদ বলেন, হয়তো এটি কেবল একটি প্রশাসনিক ভুল। কিন্তু অনুভূতির জগতে এর অর্থ একেবারেই অন্য রকম। আমার মনে হলো, জাতীয় সংসদ এখনও বিশ্বাস করে—‘আবদুল্লাহ আল নোমান’ সংসদে উপস্থিত আছেন; তিনি এখনও বেঁচে আছেন মানুষের স্মৃতিতে, তাদের শ্রদ্ধা, ভালোবাসা ও অনুভূতিতে। আর এ ভাবনাই আমাকে বারংবার উঠে আসা সেই একই প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়—মৃত নোমান কি জীবিত নোমানের চেয়েও শক্তিশালী? উত্তর নিঃসন্দেহে ‘হ্যাঁ’!'


এদিকে নোমানপুত্রের অনুভূতির জায়গাটি আবেগের হলেও, এই ঘটনাটি সরকারের একটি গুরুত্বপূর্ণ দফতরের প্রাতিষ্ঠানিক উদাসীনতা স্পষ্ট করে তুলেছে।


আগামী ২০ জুন ঢাকার আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এমন একটি রাষ্ট্রীয় টুর্নামেন্টের দাওয়াতপত্র দেওয়ার আগে বর্তমান সংসদ সদস্যদের তালিকাটুকুও যাচাই করার প্রয়োজন মনে করেনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।


গত ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসনে জয়ী হয়ে এখন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন সাঈদ আল নোমান। অথচ দেড় বছর আগে ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি তাঁর বাবা আবদুল্লাহ আল নোমান মারা যান। একজন জাতীয় পর্যায়ের নেতা মারা যাওয়ার পর সেখানে নতুন আরেকজন নির্বাচিত হয়ে সংসদে যোগ দেওয়ার পরও মৃত ব্যক্তির নামে চিঠি পাঠানোকে চরম প্রশাসনিক অপেশাদারিত্ব বলছেন খোদ সংসদ সচিবালয়ের কর্মকর্তারাও।


বিষয়টি জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া ঢাকা মেইলকে বলেন, বিষয়টি জানা নেই। হয়তো ভুল হয়েছে। তথ্য আপডেট করা হয়নি সম্ভবত।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com