
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
শনিবার (৬ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
তিন দিনের সফরে গত বৃহস্পতিবার (৪ জুন) রাতে বাংলাদেশে এসেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। পরদিন শুক্রবার সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন হাকান ফিদান। এ সময় ঢাকা-আঙ্কারা সাংস্কৃতিক বিনিময় সম্পর্কিত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
একইদিন কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।
কূটনীতিতে আসার আগে দীর্ঘ সময় দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার নেতৃত্বে থাকা ফিদানকে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের ঘনিষ্ঠ একজন হিসেবে বিবেচনা করা হয়। ফলে তার ঢাকা সফরকে শুধুমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের নিয়মিত যোগাযোগের অংশ নয় বরং বৃহত্তর আঞ্চলিক সমীকরণের প্রেক্ষাপটে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।
তাদের মতে, প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তি স্থানান্তর এবং বাণিজ্যিক অংশীদারিত্বের ক্ষেত্রে দুদেশের সম্পর্ক আরও গভীর হওয়ার সুযোগ তৈরি হয়েছে।
বিবার্তা/এসএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]