দেশের পথে যাত্রা করেছেন হাজিরা
প্রকাশ : ৩০ মে ২০২৬, ১০:৫৪
দেশের পথে যাত্রা করেছেন হাজিরা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

তিন জামারাতে শয়তানকে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে শেষ হয়েছে এ বছর হজের আনুষ্ঠানিকতা। শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে পবিত্র হজের কার্যক্রম সম্পন্ন করে লাখো মুসল্লি এবার নিজ নিজ দেশে ফিরছেন।


শুক্রবার (২৯ মে) এ আনুষ্ঠানিকতা শেষের পর এদিন রাতেই সৌদি আরব থেকে বাংলাদেশের উদ্দেশে ছেড়েছে প্রথম ফিরতি হজ ফ্লাইট।


সূচি অনুযায়ী, আগামী ১ জুলাই ফিরতি হজ ফ্লাইটের এই কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।


ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদির স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফিরতি ফ্লাইট ছেড়েছে।


প্রথমদিনে ১৩টি ফ্লাইটে দেশে ফিরছেন ৫ হাজার ৪৩৪ জন হাজি।


সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সৌদিয়া এয়ারলাইন্সের ফ্লাইটের (এসভি-৫৮০৬) মাধ্যমে শুরু হচ্ছে হাজীদের দেশে ফেরার এ যাত্রা। প্রথম দিনেই মোট ১৩টি ফ্লাইটে পাঁচ হাজার ৪৩৪ জন হাজি বাংলাদেশে ফিরবেন।


এবার ১৭ এপ্রিল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ থেকে হজযাত্রী নিয়ে শেষ ফ্লাইটটি সৌদি আরবে পৌঁছায় ২১ মে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবছর সৌদি সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যেই হজযাত্রীদের তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, বাসা ভাড়া ও ভিসার কাজ শেষ করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।


হজযাত্রীদের যাওয়া-আসা মসৃণ করার জন্য এয়ারলাইন্সের সঙ্গে আলোচনা করে নেওয়া হয় প্রয়োজনীয় ব্যবস্থা। ফলে কোন ধরনের সূচি বিপর্যয় ছাড়াই নিবন্ধিত শতভাগ হজযাত্রী সৌদিতে যেতে পেরেছে।


বিবার্তা/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com