
টিকা না দিয়ে কৃত্রিম হাম মহামারি সৃষ্টি করে পাঁচ শতাধিক নিষ্পাপ শিশু হত্যার দায়ে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস ও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহানের দৃষ্টান্তমূলক বিচার চাইলেন মহান মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী প্রকৌশলীবৃন্দ।
সোমবার (১৮ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে 'সচেতন প্রকৌশলী সমাজ'-এর পক্ষ থেকে আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে প্রকৌশলীরা এ দাবি জানান।
প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়া প্রকৌশলীরা অভিযোগ করেন, লুটপাট নিয়ে সার্বক্ষণিক ব্যস্ত থাকায় ইউনুস সরকার জনস্বাস্থ্য কার্যক্রম পুরোপুরি উপেক্ষা করেছে। শেখ হাসিনার আমলে টিকাদান কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দেয়া হতো, প্রায় শতভাগ শিশুকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে এসেছিলেন। যার জন্য শেখ হাসিনা জাতিসংঘ কর্তৃক 'ভ্যাকসিন হিরো' সম্মাননা লাভ করেন। কিন্তু শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির মাত্র দেড় বছরের মাথায় ভ্যাকসিনেশন প্রোগ্রাম মুখ থুবড়ে পড়েছে।
এ পর্যন্ত ৬০ হাজারের বেশি শিশু হাসপাতালে ভর্তি হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, বড় হচ্ছে শিশুমৃত্যুর মিছিল।
হামের টিকা নিয়ে অবহেলার কারণে রাজধানী ঢকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিদিনই সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনুস ও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের ফাঁসি চেয়ে বিক্ষোভ সমাবেশ করছেন সচেতন নাগরিক সমাজ।
এছাড়াও প্রকৌশলীদের মানববন্ধনে দেশের জনগণের স্বার্থবিরোধী মার্কিন বাণিজ্যচুক্তির আড়ালে দাসত্বের চুক্তি অবিলম্বে বাতিলের দাবি জানানো হয়েছে।
দেশে এই মৌসুমে হামের প্রকোপ মহামারি আকার ধারণ করেছে। ইতোমধ্যে পাঁচশ’র বেশি শিশু মৃত্যুবরণ করেছে। ইউনিসেফ একবাক্যে বলেছে, বাংলাদেশের এই হাম মহামারি মানবসৃষ্ট। ইউনুস সরকারের আমলে টিকা বাণিজ্যে বেশি কমিশনের আশায় তৃতীয়পক্ষ থেকে টিকা কেনার জন্য ইউনিসেফ থেকে টিকা ক্রয় বন্ধ করে দেয় তদানীন্তন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহানের মন্ত্রণালয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার সতর্ক করে জানিয়েছিল, টিকাদান কর্মসূচিতে অবহেলা করলে বিপর্যয় নেমে আসতে পারে।
এছাড়াও ক্ষমতা ত্যাগের মাত্র ৩ দিন আগে অনির্বাচিত ইউনুস সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গোপন বাণিজ্য চুক্তি করে যা পরবর্তীতে প্রকাশ হয়ে যায়। বাংলাদেশের সর্বস্তরের জনগণ দেশের স্বার্থবিরোধী এই বাণিজ্য চুক্তির তীব্র বিরোধিতা করছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]