
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ১১ বছর বয়সী এক শিশুকে হত্যার দায়ে যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। তবে মামলা থেকে খালাস পেয়েছেন এক আসামি।
মঙ্গলবার (৩১ মার্চ) নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আবুল কালাম আজাদ জাকির।
দণ্ড পাওয়া ৩২ বছর বয়সী মো. রিপন উপজেলার লাউসার গ্রামের মো. ইসলামের ছেলে। খালাস পাওয়া যুবকের নাম রাব্বি।
পিপি আবুল কালাম আজাদ বলেন, শিশু আরাফাত হোসেন লাউসার গ্রামের রফিকুল ইসলাম মনার ছেলে। সে স্থানীয় একটি স্কুলে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। দণ্ড পাওয়া রিপন তাদের প্রতিবেশী।
২০২০ সালের ১৫ ডিসেম্বর রাতে নিখোঁজ হয় আরাফাত। তিন দিন পর স্থানীয় একটি মসজিদের পাশের পুকুর থেকে উদ্ধার হয় তার মরদেহ।
এ ঘটনায় আরাফাতের বাবা থানায় অজ্ঞাত পরিচয়দের আসামি করে হত্যা মামলা করলেও তদন্তে রিপনের সম্পৃক্ততা পায় পুলিশ। পরে তাকে গ্রেফতার করা হয়।
১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আরাফাতের বাবা ও ভাইয়ের সঙ্গে দ্বন্দ্বের জেরে তাকে অপহরণের পর হত্যা করে লাশ পানিতে ফেলে দেওয়ার কথা আদালতে স্বীকার করেন বলে জানান পিপি আবুল কালাম।
সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]