ভারতে মদপানে ১৪ জনের মৃত্যু
প্রকাশ : ৩০ মে ২০২৬, ১৫:৫৫
ভারতে মদপানে ১৪ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনেতে বিষাক্ত মদপানে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। পুলিশ ইতোমধ্যে আটজনকে গ্রেফতার করেছে। ঘটনার তদন্ত অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হাতে তুলে দেয়া হয়েছে। এছাড়া ঘটনাটিকে ‘অত্যন্ত গুরুতর’ বলে উল্লেখ করে জড়িত পুরো চক্রকে শনাক্ত করার দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস।


সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, পুনে শহর ও পিম্পরি-চিঞ্চওয়াড় এলাকায় সন্দেহভাজন বিষাক্ত মদপানে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চোরাই মদের এক শীর্ষ কারবারিসহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস ঘটনাটিকে ‘অত্যন্ত গুরুতর’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ভেজাল মদ সরবরাহের সঙ্গে জড়িত পুরো চক্রকে শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেয়া হচ্ছে।


এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, পুরো ঘটনার তদন্ত অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়েছে।


পুলিশ জানিয়েছে, পিম্পরি-চিঞ্চওয়াড়ের ফুগেওয়াড়ি এলাকায় ১০ জন এবং পুনের হাডাপসারের পান্ধারে মালা এলাকায় আরও চারজন সন্দেহভাজন বিষাক্ত মদপানে মারা গেছেন। এছাড়া বিষাক্ত মদপানে অসুস্থ আরও পাঁচজন পিম্পরি-চিঞ্চওয়াড়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


এদিকে এই মৃত্যুর ঘটনায় ফুগেওয়াড়ি ও হাডাপসার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশের দাবি, অভিযুক্তরা মিথানল মিশ্রিত মদ পিম্পরি-চিঞ্চওয়াড়ের ফুগেওয়াড়ি এলাকা এবং পুনের বিভিন্ন অংশে সরবরাহ করেছিল। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছে পুলিশ।



পুনে পুলিশের কমিশনার অমিতেশ কুমার বলেন, হাডাপসারে এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। বিষাক্ত মদপানের কারণে তারা মারা গেছেন বলে সন্দেহ করা হচ্ছে। তিনি বলেন, ‘ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ভিসেরা নমুনা সংরক্ষণ করে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে (এফএসএল) পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর শরীরে কী ছিল এবং মৃত্যুর সুনির্দিষ্ট কারণ কী, তা জানা যাবে।’


এদিকে মুখ্যমন্ত্রী ফড়নবিস বলেন, এ ঘটনায় ইতোমধ্যে আটজনকে গ্রেফতার করা হয়েছে এবং আরও কয়েকজনকে আটক করা হতে পারে। তিনি মুম্বাইয়ে সাংবাদিকদের বলেন, ‘এটি অত্যন্ত গুরুতর ঘটনা। আটজনকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয়েছে। আরও কিছু ব্যক্তি গ্রেফতার হতে পারেন। এর পেছনের পুরো নেটওয়ার্ক আমরা শনাক্ত করেছি।’


পিম্পরি-চিঞ্চওয়াড়ের যশবন্তরাও চাভান মেমোরিয়াল হাসপাতালের ডিন ডা. রাজেন্দ্র ওয়াবলে বলেন, অধিকাংশ মৃত ব্যক্তি অতিরিক্ত মদপানের অভ্যাসে অভ্যস্ত ছিলেন। হাসপাতালে আনার সময় তাদের মধ্যে শ্বাসকষ্ট, অ্যাসিডোসিস, মুখ দিয়ে ফেনা বের হওয়া, মাথা ঘোরা ও অচেতন হওয়ার মতো উপসর্গ দেখা গেছে।


তিনি বলেন, ‘সাধারণত প্রথমে শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা দেখা দেয়। এরপর মাথা ভারী লাগা ও হৃদস্পন্দন বেড়ে যায়। পরে রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com