
রাজধানী ঢাকার বাতাস আজ বৃহস্পতিবার সকালে কিছুটা স্বস্তিদায়ক। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সবশেষ লাইভ তথ্য অনুযায়ী, দূষণের দিক থেকে বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান ১৫ নম্বরে। ঢাকার বাতাসের মান ‘সহনীয়’ বা ‘মধ্যম’ পর্যায়ে রয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালের রিয়েল-টাইম আপডেট অনুযায়ী, ঢাকার বায়ুমান সূচক বা একিউআই স্কোর হচ্ছে ৮৮। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০-এর মধ্যে থাকলে সেই বাতাসকে ‘সহনীয়’ বা ‘মধ্যম’ মানের বলে বিবেচনা করা হয়। এই অবস্থায় সাধারণ মানুষের জন্য বাতাস সাধারণত নিরাপদ হলেও, অতি সংবেদনশীল বা শ্বাসকষ্টে ভোগা নির্দিষ্ট কিছু মানুষের জন্য সামান্য স্বাস্থ্যঝুঁকি থাকতে পারে।
আইকিউএয়ারের বৈশ্বিক তালিকায় দেখা গেছে, এই সময়ে ১৭৮ স্কোর নিয়ে বায়ু দূষণের শীর্ষে রয়েছে কঙ্গোর কিনশাসা। তালিকায় ১৬৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা এবং ১৫৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে উগান্ডা কাম্পালা। এ ছাড়া ১৫৪ স্কোর নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর চতুর্থ এবং ১৪৩ স্কোর নিয়ে চিলি সান্তিয়াগো পঞ্চম অবস্থানে রয়েছে।
আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয় এবং ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়। আর স্কোর ৩০১ বা তার বেশি হলে বাতাসকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
মেগাসিটি ঢাকা দীর্ঘদিন ধরেই বায়ু দূষণে বিশ্বের অন্যতম শীর্ষ শহর হিসেবে তালিকায় থেকেছে। শুষ্ক মৌসুমে ঢাকার বায়ুমান প্রায়ই ‘অস্বাস্থ্যকর’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ক্যাটাগরিতে চলে যায়। তবে বর্ষার প্রাক্কালে ও বৃষ্টিপাতের কারণে মাঝেমধ্যে বাতাসের এই মানের কিছুটা উন্নতি লক্ষ করা যায়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]