২১ চিকিৎসকের ১৩ জন অনুপস্থিত, স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ১৩:২৮
২১ চিকিৎসকের ১৩ জন অনুপস্থিত, স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীর ৫০ শয্যাবিশিষ্ট পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। এসময় হাসপাতালে কর্তব্যরত ২১ চিকিৎসকের মধ্যে পাঁচজন ছুটি থাকায় ১৬ জনের মধ্যে আটজনের উপস্থিতি পান। এর মধ্যে দুই চিকিৎসক আবার নির্ধারিত সময়ের পরে আসেন। পরে হাসপাতালের সার্বিক সেবা কার্যক্রম ঘুরে দেখেন ও রোগীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।


শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে তিনি পলাশ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।


পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা খবর পেয়েছি পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সময় মত চিকিৎসকরা আসেন না। এরই প্রেক্ষিতে আজকে সকালে হাসপাতাল পরিদর্শন করে তার সত্যতা পেয়েছি। কর্তব্যরত ১৬ চিকিৎসকের মধ্যে আটজনের উপস্থিতি পেয়েছি।


তিনি বলেন, চিকিৎসকরা মানবিক কাজ করেন। আমরা স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। তা চিকিৎসকদের মাধ্যমেই পৌঁছে দেওয়া হবে। কিন্তু তারাই সময়মত উপস্থিত হয়নি। যারা উপস্থিত হয়নি তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, আমরা নগদ টাকা দিয়ে রেবিক্স টিকা কিনছি। প্রতি উপজেলায় টিকা পৌঁছে দেওয়া হচ্ছে। দেশে রেবিক্স টিকার আর সমস্যা হবে না।


এসময় মন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদ, পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী মোহাম্মদ আতিকুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল-মামুন, পলাশ থানার পরিদর্শক (তদন্ত) কুতুবুল আলম প্রমুখ।


বিবার্তা/কামাল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com