
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলাও রয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) আখতার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কাল ৭টার দিকে রাজধানীর বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গুলশান থানা থেকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
এদিকে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগেও সাঈদ খোকনের বিরুদ্ধে তদন্ত চলছে। ২০২৫ সালের ১৩ নভেম্বর তার বিরুদ্ধে ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা করার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় তার বোন শাহানা হানিফ ও এক কর্মচারীকেও আসামি করা হয়েছে।
এর আগে একই বছরের ১০ ফেব্রুয়ারি সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত।
এ ছাড়া সাঈদ খোকন ও তার পরিবারের বিরুদ্ধে প্রায় ২৯৭ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ রয়েছে। এর মধ্যে এককভাবে সাঈদ খোকনের বিরুদ্ধে ৯৪ কোটি ২০ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ করা হয়েছে। দুর্নীতির অভিযোগের তদন্ত চলমান থাকায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন ও তার পরিবারের কয়েকজন সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]