
শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার ছয়টি শিল্পাঞ্চলের ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী জানান, টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামের মতো প্রধান শিল্পাঞ্চলগুলোতে এই হাসপাতালগুলো নির্মাণ করা হবে। এখানে শুধুমাত্র শ্রমিকেরা সেবা পাবেন।
এর আগে, পয়েন্ট অব অর্ডারে বিএনপির সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, নিম্নআয়ের কর্মজীবী মানুষ, বিশেষ করে শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রীর আগ্রহের কথা তারা শ্রমমন্ত্রীর কাছ থেকে শুনেছেন।
তিনি জানতে চান, শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবার জন্য শ্রমঘন শিল্প এলাকায় হাসপাতাল স্থাপনের বিষয়ে সরকারের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কি না।
জবাবে সংসদ নেতা তারেক রহমান বলেন, এক যুগেরও বেশি সময় স্বৈরাচারের সেই দুঃসহ শাসনামলে আমরা দেখেছি, কীভাবে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাকে বিদেশ নির্ভর করে ফেলা হয়েছিল, কীভাবে বাংলাদেশের খনিজ সম্পদকে দেশের মানুষের সঙ্গে ব্যবহার না করে সব কিছুকে আমদানিনির্ভর করে ফেলা হয়েছিল।
তিনি বলেন, আমরা দেখেছি, কীভাবে শিল্পের বিকাশ না ঘটিয়ে বাংলাদেশকে আমদানিনির্ভর করে ফেলা হয়েছিল, কীভাবে এমন সব পলিসি নেওয়া হয়েছিল, যার ফলে শিল্পের বিকাশ ঘটতে পারেনি।
তারেক রহমান বলেন, বর্তমান সরকার বাংলাদেশের মানুষের দ্বারা নির্বাচিত একটি সরকার। এই দেশের প্রত্যেকটি প্রত্যেক শ্রেণি-পেশার মানুষের জন্য বর্তমান সরকার কাজ করছে। শ্রমিক-শ্রমজীবী মানুষের সুচিকিৎসার সুবিধার জন্য সরকার একেকটি ১০০ বেডের করে ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]