শেখ হাসিনার পাসপোর্টের আবেদন ‘ত্রুটিপূর্ণ’: বাংলাদেশ হাইকমিশন
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ১৭:১৬
শেখ হাসিনার পাসপোর্টের আবেদন ‘ত্রুটিপূর্ণ’: বাংলাদেশ হাইকমিশন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য নিজে কোনো আবেদন করেননি বলে জানিয়েছে দিল্লি হাইকমিশন।


সোমবার (৯ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়েছে, ‘ম্যাট্রিক্স চেম্বার্স নামক একটি প্রতিষ্ঠান থেকে আমরা একটি ইমেইল পেয়েছি। সেই ইমেইলে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ এসেছে।’


এতে আরও বলা হয়েছে, ‘আদৌ অনুরোধটি সঠিক কি না-সেটি আমরা জানি না। এটি যে শেখ হাসিনার পক্ষে অনুরোধ, তা বোঝার কোনো উপায় নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো ই-মেইলে শেখ হাসিনার অনুমোদন ‘অথরাইজেশন’–সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না। তবে আমরা ইমেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।’ ফলে হাইকমিশনের দৃষ্টিতে জমা দেওয়া আবেদনটি সম্পূর্ণ ত্রুটিপূর্ণ এবং অসম্পূর্ণ।


এর আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়, মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফেরার উদ্দেশ্যে আইনজীবীর মাধ্যমে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও এনআইডি কার্ডের আবেদন করেছেন।


রয়টার্সের সেই খবরের পরিপ্রেক্ষিতেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রণালয় এবং কূটনৈতিক মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও আইনি প্রক্রিয়া শুরু হয়।


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এক প্রেসব্রিফিং-এ উল্লেখ করেন, পলাতক আসামির আবেদনের বিষয়টি তিনি বিভিন্ন টেলিভিশনের স্ক্রল নিউজে প্রত্যক্ষ করেছেন। তবে সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এর আনুষ্ঠানিক ও চূড়ান্ত সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। পুরো বিষয়টি নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা ও অনুসন্ধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আরও পরিষ্কার করেন যে, শেখ হাসিনার নামে করা পাসপোর্টের ওই আবেদনের পেছনের আইনি ভিত্তি অনুসন্ধানে দেশের আইন মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে কাজ শুরু করেছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com