
২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন মাজুখানে ঐতিহ্যবাহী মাজুখান সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ। হাজারো দর্শকের উপস্থিতিতে আয়োজিত ম্যাচটি ঘিরে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক ফুটবল উন্মাদনা।
শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে মাজুখান উওর পাড়া যুবসমাজ এর উদ্যোগে আলোচিত এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
সরেজমিনে দেখা যায়, মাঠের চারপাশে হাজারো দর্শকের সমাগম ঘটে। কেউ হলুদ জার্সি পরে ব্রাজিলকে, আবার কেউ আকাশী-সাদা জার্সি পরে আর্জেন্টিনাকে সমর্থন জানাতে উপস্থিত হন। খেলা দেখতে বিভিন্ন এলাকা থেকে ফুটবলপ্রেমীরা মাঠে ভিড় করেন।
খেলা শুরুর পর থেকেই দুই দলের সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উত্তেজনা। বাঁশি, পতাকা ও প্রিয় দলের জার্সিতে সজ্জিত দর্শকদের উচ্ছ্বাসে পুরো মাঠজুড়ে তৈরি হয় বিশ্বকাপের আবহ।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির সাবেক সদস্য সচিব ও ৪০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাড. নজরুল ইসলাম খান বিকি।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাজুখানের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইলিয়াস মিয়া,পূবাইল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহেল খান, মোহাম্মদ ওসমান খান ও সুমন দেওয়ান,পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম বাবু, ৪০ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক শেখ রাজু আহমেদ, পূবাইল থানা বিএনপি নেতা হারেজ আলী এবং সততা বেকারীর স্বত্বাধিকারী মো. আজহার মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা দেখতে আসা ফয়সাল বলেন, “আমি আর্জেন্টিনা দলকে সমর্থন করি। কয়েকদিন পর বিশ্বকাপ শুরু হবে। এই প্রীতি ম্যাচ দেখে খুব ভালো লেগেছে। ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকরা দারুণ আনন্দ উপভোগ করেছেন।”
রোমাঞ্চকর এই ম্যাচে ব্রাজিল সমর্থক একাদশকে ২-০
গোলে পরাজিত করে আর্জেন্টিনা সমর্থক একাদশ বিজয় অর্জন করে। খেলা শেষে বিজয়ী দলের সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।
বিবার্তা/রাজিব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]