
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা, যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় অনিশ্চয়তা এবং সুদের হার বৃদ্ধির আশঙ্কার মধ্যে শুক্রবার (৫ জুন) বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, স্পট স্বর্ণের দাম ০.৫ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৪৫২.২০ ডলারে দাঁড়িয়েছে এবং সপ্তাহজুড়ে এখন পর্যন্ত এর দাম প্রায় ১.৮ শতাংশ কমেছে।
এছাড়া আগস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার ০.৬ শতাংশ কমে ৪ হাজার ৪৭৮.৫০ ডলারে নেমেছে। এবিসি রিফাইনারির গ্লোবাল হেড অব ইনস্টিটিউশনাল মার্কেটস নিকোলাস ফ্র্যাপেল বলেন, ইরান-সংক্রান্ত সমাধান নিয়ে অনিশ্চয়তা নেতিবাচক প্রভাব ফেলছে স্বর্ণের ওপর। সুদের হার আরও কঠোর হওয়ার প্রত্যাশাও স্বর্ণের বাজারে চাপ সৃষ্টি করছে বলে জানান তিনি।
স্বর্ণ সাধারণত মুদ্রাস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হলেও, সুদের হার বেশি থাকলে সুদবিহীন এই ধাতুর আকর্ষণ কমে যায়। সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল অনুযায়ী, বছরের শেষের আগে ফেডের সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৫১ শতাংশ হিসেবে বাজারে মূল্যায়ন করা হচ্ছে। বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের মে মাসের নন-ফার্ম পেরোলস তথ্যের দিকে নজর রাখছেন, যা ফেডের ভবিষ্যৎ মুদ্রানীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে রুপার দাম ১.৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৭২.৮৯ ডলার হয়েছে। প্লাটিনামের দাম ১.১ শতাংশ কমে ১ হাজার ৮৭৮.৬৮ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১.৭ শতাংশ কমে ১ হাজার ২৯৮.৪৫ ডলারে নেমেছে। সব ধাতুই সপ্তাহ শেষে ক্ষতির দিকে এগোচ্ছে। ফলে সপ্তাহজুড়ে দরপতনের প্রবণতা দেখা গেছে প্রায় সব ধাতুরই।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]