খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
প্রকাশ : ০৩ জুন ২০২৬, ০৯:০১
খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এই অর্জন বিশ্ব মঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও বিশ্বাসযোগ্যতারই প্রতিফলন। মঙ্গলবার (২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল আইডিতে দেয়া পোস্টে এ কথা বলেন প্রধানমন্ত্রী।


পোস্টে তিনি আরও লেখেন, ‘আমরা বিশ্বাস করি, তিনি (খলিলুর রহমান) গর্বের সাথে প্রতিনিধিত্ব করবেন এবং বহুপাক্ষিক ও অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সংযোগ, সংলাপ ও সহযোগিতা গড়ে তুলবেন। এই নতুন দায়িত্বে আমরা তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।


উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদে ৯৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (২ জুন) হওয়া ভোটাভুটিতে জয়ী হন তিনি। গত তিন মাস ধরে এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পদে নির্বাচিত হওয়ার লক্ষ্যে ব্যাপক কূটনৈতিক প্রচারণা চালিয়ে আসছিল বাংলাদেশ।


মঙ্গলবার নিউইয়র্ক সময় সকাল ১০টায় জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হয় এই ভোটগ্রহণ। এই পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস। তিনি পেয়েছেন ৯১ ভোট।


ড. খলিলুর এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন। জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হলেন তিনি।


জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে দ্বিতীয়বারের মতো বসছেন বাংলাদেশের কোনো প্রতিনিধি। এর ৪০ বছর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com