সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদুল আজহা উদযাপন
প্রকাশ : ২৭ মে ২০২৬, ১০:২৭
সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদুল আজহা উদযাপন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে আজ (বুধবার, ২৭ মে) উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আজহা। এর মধ্যে রয়েছে ঢাকা, সাতক্ষীরা, বগুড়া, পটুয়াখালী, ঝালকাঠি, দিনাজপুর, চাঁদপুর ও মৌলভীবাজারসহ বিভিন্ন জেলার বিভিন্ন এলাকা।


এসব এলাকার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরও উযাপন করে থাকেন।


ঢাকা :সৌদি আরবের সাথে মিল রেখে রাজধানীর পান্থপথে সামুরাই কনভেনশন সেন্টারে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৭টায় 'মুসলিম উম্মাহ বাংলাদেশ'-এর আয়োজনে জামাতে আদায় করা হয় ঈদের নামাজ। এতে অংশ নেন কয়েকশ মুসল্লি।


মৌলভীবাজার :সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে পবিত্র ঈদুল আজহার একটি জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৭টায় শহরের সার্কিট হাউস এলাকায় এই জামাতের আয়োজন করা হয়। এতে স্থানীয় শতাধিক নারী-পুরুষ মুসল্লি অংশ নেন। জামাতে ইমামতি করেন আবদুল মাওফিক চৌধুরী।


নামাজ শেষে খুতবা পাঠ করা হয় এবং দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জানা গেছে, গত প্রায় ১৫ বছর ধরে স্থানীয় একটি অংশ সৌদি আরবের সময়সূচি অনুসরণ করে আগাম ঈদ উদযাপন করে আসছেন।


পটুয়াখালী :সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ উদযাপন করছে পটুয়াখালীর ৩৫টি গ্রামে ২৫ হাজার মানুষ। সকাল সাড়ে ৮টায় বদরপুর দরবার শরীফ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন পটুয়াখালী বদরপুর দরবার শরীফের মাওলানা আব্দুল গনি।


জেলার ৩৫ গ্রামের মধ্যে রয়েছে গলাচিপার সেনের হাওলা, পশুরী বুনিয়া, নিজ হাওলা, কানকুনি পারা, মৌডুবি, বাউফলের মদনপুরা, রাজনগর, বগা, ধাউরাভাঙ্গা, সুরদি, চন্দ্রপাড়া, দ্বিপাশা, শাপলা খালী, কনকদিয়া, আমিরাবাদ, কলাপাড়ার নিশানবাড়িয়া, ইটবাড়ীয়া, শহরের নাঈয়া পট্টি, টিয়াখালী, তেগাছিয়া, দক্ষিণ দেবপুর।


সদর উপজেলার বদরপুর দরবার শরিফের খাদেম মো. নাজমুল হোসেন জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে ১৯২৮ সাল থেকে এখানকার গ্রামবাসীরা একদিন আগে থেকে রোজা রাখা শুরু করে। এরই ধারাবাহিকতায় একদিন আগে তারা ঈদ উদযাপন করেছিল। এবং আজ তারা মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পশু কোরবানির মাধ্যমে ঈদুল আজাহা পালন করছে।


বগুড়া :বগুড়ার গাবতলী উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। নারী ও শিশুসহ নানা বয়সের মুসল্লিরা এতে অংশ নেন। সকাল সাড়ে সাড়ে ৭টার দিকে গাবতলী রেলস্টেশন সংলগ্ন রেলওয়ে জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।


জামাতে ইমামতি করেন মাওলানা মিজানুর রহমান। মুসলিমদের সঙ্গে কথা বলে জানা যায়, এ জামাতে গাবতলীসহ কাহালু ও ধনুট উপজেলা থেকেও কিছুসংখ্যক মুসল্লী ঈদের জামাতে অংশগ্রহণ করেন।


তবে বৈরী হবার কারণে নির্ধারিত সময় কেটে কিছু সময় পর নামাজ অনুষ্ঠিত হয়। এবারে জামাত খোলা মাঠে অনুষ্ঠিত না হয়ে মসজিদের ভিতরে অর্ধশত মুসল্লি নিয়ে অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, আবহাওয়া কারণে অনেক মুসল্লি এবারে জামাতে অংশগ্রহণ করতে পারেনি।


ঝিনাইদহ :ঝিনাইদহের হরিণাকুন্ডুর বিভিন্ন স্থানে এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সকাল ৮টায় উপজেলা শহরের ফুটবল মাঠে দুলদুলের ধানের চাতাল ঘরে এবারের ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলার ভালকি, নিত্যানন্দপুর এলাকাতেও ঈদের নামাজ আদায় করেন কিছু মুসল্লি। বৃষ্টির কারণে এবার জামাত ঘরে তারা নামাজ আদায় করেন।


আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সৌদি আরবের সময়ের সঙ্গে মিল রেখে তারা দীর্ঘদিন ধরেই ঈদ জামাতের আয়োজন করে আসছেন। এবারও দখলপুর, নারায়নকান্দি, বৈঠাপাড়া, বোয়ালিয়া, চটকাবাড়ীয়া, পারফলসী, নিত্যানন্দপুর, ভালকি ও পায়রাডাঙ্গা এলাকার শতাধিক মুসল্লি এই ঈদের জামাতে অংশ নেন।


ঈদ জামাত কমিটির সদস্য শাখাওয়াত হোসেন বলেন, স্থানীয় মুসল্লি মো. হারুনুর রশিদ বলেন, গত ২৪ বছর ধরে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে হরিণাকুন্ডুতে ঈদের নামাজ আদায় করে আসছি। একসময় শুধু এখানে জামাত হতো, এখন পায়রাডাঙ্গা ও নিত্যনন্দপুরসহ তিনটি স্থানে ঈদের জামাত হয়। ওআইসিসহ বিশ্বের বেশিরভাগ মুসলিম আজ ঈদ উদযাপন করছেন। আমরা রাসুল (সা.) এর সুন্নাহ অনুসরণ করি, তাই তার দেখানো পথেই ঈদ উদযাপন করছি।


নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। খুতবায় ইমাম কোরবানি ও ত্যাগের তাৎপর্য তুলে ধরেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com