
ঈদ সামনে রেখে সড়ক ও রেলপথে রাজধানী ছাড়ছেন নাড়ির টানে বাড়ি ফেরা মানুষ। ছুটির প্রথমদিন রাজধানীর বাস টার্মিনাল এবং রেলস্টেশনে যাত্রীর চাপ বেড়েছে।
পরিবার-পরিজনের সঙ্গে উৎসব করতে সোমবার (২৫ মে) সকাল থেকেই রাজধানীর গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনালে ঘরমুখো মানুষের বাড়তি ভিড় দেখা যায়।
দূরপাল্লার বাসগুলো নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন যাত্রীরা। যদিও কিছু রুটে বাড়তি চাপের কারণে ভোগান্তির কথাও বলছেন কেউ কেউ।
ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে বাস টার্মিনাল ও মহাসড়কে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা।
এদিকে ঈদযাত্রার তৃতীয় দিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে উপচেপড়া ভিড় দেখা গেছে। উত্তরবঙ্গের অধিকাংশ ট্রেনই দুই-আড়াই ঘণ্টা বিলম্বে যাত্রা করছে। প্রতিটি ট্রেনেই গাদাগাদি করেই রওয়ানা হচ্ছেন ঘরমুখো মানুষ।
ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে দরজা-জানালায় ঝুলে জীবনের ঝুঁকি নিয়ে অনেককেই ছাদে উঠতে দেখা যায়।
বিলম্ব যাত্রায় ভোগান্তিতে পড়েছেন উত্তরের মানুষ। আজও পূর্বাঞ্চলের তুলনায় পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোতে যাত্রীচাপ থাকলেও ছিল না অতিরিক্ত ভিড়। ফলে স্বস্তি নিয়েই ঢাকা ছাড়ছেন এই রুটের যাত্রীরা। উত্তরের ট্রেন বিলম্ব হলেও যথা সময়ে ছেড়েছে পূর্বাঞ্চলের ট্রেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]