পাকিস্তানে রেললাইনের পাশে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ২৪
প্রকাশ : ২৪ মে ২০২৬, ১৩:৩৫
পাকিস্তানে রেললাইনের পাশে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ২৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি ট্রেনে শক্তিশালী বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় অন্তত ২৪ জন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন।


বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার (২৪ মে) সকালে বেলুচিস্তানের কুয়েটায় সামরিক কর্মীদের বহনকারী একটি ট্রেনকে লক্ষ্য করে চালানো বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।


প্রতিবেদনে বলা হয়েছে, কোয়েটার চমন ফটকের একটি সিগন্যাল অতিক্রম করার সময় বিস্ফোরক বোঝাই একটি গাড়ি ট্রেনের বগিকে ধাক্কা দিলে বিস্ফোরণটি হয়। হতাহতদের মধ্যে অনেক সেনা সদস্য রয়েছে বলে জানা গেছে।


তবে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কোয়েটার চমন ফটকের কাছে রেললাইনের পাশে একটি বিস্ফোরণে অন্তত ২০ জন আহত হয়েছেন।


পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে একটি ট্রেন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় পার্ক করা ১০টি গাড়ি ক্ষতিগ্রস্ত এবং আশেপাশের ভবনের জানালা ও কাচ ভেঙে যায়।


ঘটনার পর কোয়েটার সরকারি হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ডাক্তার ও চিকিৎসা কর্মীদের তলব করা হয়েছে।


রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসকে কোয়েটা রেল স্টেশনে থামিয়ে দেয়া হয়েছে।


পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র বাবর ইউসুফজাই বলেন, বিস্ফোরণের পর সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে এবং জরুরি দলগুলোকে নির্বিঘ্নে উদ্ধার অভিযান চালাতে জনসাধারণকে বিস্ফোরণস্থলের কাছে ভিড় না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com