রামিসা হত্যাকাণ্ডে আইনের শাসন বাধাগ্রস্তের চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী
প্রকাশ : ২৩ মে ২০২৬, ১৭:০৯
রামিসা হত্যাকাণ্ডে আইনের শাসন বাধাগ্রস্তের চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনাকে কেন্দ্র করে একটি মহল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। সরকার রামিসা হত্যা মামলায় আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাইলেও একটি পক্ষ পরিকল্পিতভাবে আইনের স্বাভাবিক গতি বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


শনিবার (২৩ মে) বিকেল ৩টার দিকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিয়ারপুর এলাকায় আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী দরিয়ারপুরের ঐতিহাসিক ধরার খাল (বৈলর খাল) পুনঃখনন কাজের উদ্বোধন করেন।


সমাবেশে তারেক রহমান বলেন, দেশ একটি পরিবারের মতো। ২০ কোটি মানুষের সব সুযোগ-সুবিধা একসঙ্গে নিশ্চিত করা সম্ভব নয়। তবে সবাই ঐক্যবদ্ধ থাকলে ধীরে ধীরে সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা সম্ভব হবে।


রামিসা হত্যা প্রসঙ্গে তিনি বলেন, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। অন্যায়কারীকে শাস্তি দিতে হলে কিছু নিয়ম ও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু একটি মহল ইচ্ছাকৃতভাবে সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।


তারেক রহমান অভিযোগ করে বলেন, যারা সড়ক অবরোধ করছে, দেশে ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করছে, তারা সাধারণ মানুষের অধিকার ও সুযোগ-সুবিধা নিয়ে ভাবে না। তারা দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়।


প্রধানমন্ত্রী বলেন, অরাজকতা সৃষ্টি হলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ সাধারণ মানুষের বিভিন্ন সরকারি সুবিধা ব্যাহত হবে। তাই সবাইকে সজাগ থাকতে হবে।


তিনি বলেন, যারা এখন দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তারা তলে তলে সেই শক্তির সঙ্গে যোগাযোগ করছে যাদেরকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। ন্যায়বিচারকে বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা জনগণকে প্রতিহত করতে হবে।


সমাবেশে প্রধানমন্ত্রী ঘোষণা দেন, আগামী জুলাই মাস থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারিভাবে স্কুল ড্রেস ও স্কুলব্যাগ বিতরণ কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম চালু করা হবে।


ময়মনসিংহ অঞ্চলের খাল পুনঃখননের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, সমগ্র ময়মনসিংহে প্রায় আড়াই হাজার কিলোমিটার খাল রয়েছে, যেগুলো পুনঃখনন করা প্রয়োজন। সরকার এ বিষয়ে পরিকল্পিতভাবে কাজ করছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com