
আসন্ন কোরবানির ঈদে ঘরমুখো মানুষ ও কুরবানিযোগ্য পশু পরিবহন করা একটি বড় চ্যালেঞ্জ। এবার স্বস্তির ঈদযাত্রা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
শুক্রবার (২২ মে) দুপুরে কুমিল্লা নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের সহযোগিতার চেক বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
সেতুমন্ত্রী বলেন, আসন্ন কুরবানির ঈদে ঘরমুখো মানুষ ও কুরবানিযোগ্য পশু পরিবহন করা একটি বড় চ্যালেঞ্জ। এ সময় আমাদের অবকাঠামো ও পরিবহন নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। যে কারণে ঈদ যাতায়াতটি নির্বিঘ্নে ও আরামদায়ক করা কষ্টকর হয়ে যায়। আমি মনে করি সবার সহযোগিতা থাকলে, জনগণ সচেতন থাকলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে পারবো।
তিনি বলেন, প্রতি বছর গড়ে সাড়ে ৪ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। যার প্রধান দুটি কারণ চালকের অদক্ষতা ও আনফিট বাস। জনগণের অসচেতনতাও আছে। তবে আমাদের এসব কমিয়ে আনতে হবে। সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে প্রতিষ্ঠিত করতে সরকার ভাববে, তাদের দায়িত্ব রাষ্ট্র নেবে।
এর আগে কুমিল্লা জেলা প্রশাসন এবং বিআরটিএ কুমিল্লা সার্কেল- এর যৌথ উদ্যোগে বিআরটিএ ট্রাস্টি বোর্ড ও বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কুমিল্লা জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের নিহত ও আহত মধ্যে ৪ কোটি ৮৯ লাখ টাকার ক্ষতিপূরণ চেক বিতরণ করা হয়। এর মধ্যে ৮৬ জন নিহতের পরিবার এবং ৩৩ জন আহতের পরিবার এই ক্ষতিপূরণের চেক গ্রহণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মো. জিয়াউল হক এবং বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]