ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল, নতুন সময়সূচি ঘোষণা
প্রকাশ : ২১ মে ২০২৬, ১৮:৪৯
ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল, নতুন সময়সূচি ঘোষণা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আসন্ন ঈদুল আজহার সরকারি ছুটির দিনগুলোয় মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।


বৃহস্পতিবার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তারা। তবে ঈদের দিন মেট্রোরেল চলাচল পুরোপুরি বন্ধ থাকবে।


নতুন সূচি অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন সকাল সাড়ে ৬টায় ছেড়ে যাবে এবং শেষ ট্রেন ছাড়বে রাত ৯টায়।


অপরদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে চলাচল করবে। ছুটির দিনগুলোয় যাত্রীর চাপ বিবেচনা করে সময়ভেদে ২০ মিনিট, ১৫ মিনিট ও ১২ মিনিট পরপর ট্রেন চলাচল করবে। বিশেষ করে দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত পর্যায়ক্রমে ১৫ মিনিট পরপর ট্রেন পরিচালনা করা হবে। এই সময়ে প্রতিদিন আনুমানিক ১৪০টি ট্রেনসেট দিয়ে যাত্রী পরিবহনের পরিকল্পনা নেয়া হয়েছে।


স্টেশনগুলোয় টিকিট বিক্রির নিয়মেও কিছু নির্দেশনা দেয়া হয়েছে। স্টেশনগুলোয় সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ৫ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট কেনা যাবে এবং এমআরটি ও র‍্যাপিড পাসে টপআপ করা যাবে।


মতিঝিল স্টেশনের শেষ ট্রেন ছাড়ার ১৫ মিনিট আগে পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট কেনা যাবে। রাত ৯টা ২০ মিনিটের পর সব স্টেশনের টিকিট বিক্রয় অফিস ও ভেন্ডিং মেশিন বন্ধ হয়ে যাবে।


তবে কাউন্টার বন্ধ হলেও যাদের কাছে আগে থেকেই এমআরটি বা র‍্যাপিড পাস রয়েছে, তারা নির্ধারিত সময়সূচি অনুযায়ী পাস ব্যবহার করে প্ল্যাটফর্মে প্রবেশ ও যাতায়াত করতে পারবেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com