পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজের বিবৃতি
রামিসাসহ শিশুদের ওপর নির্যাতন অন্তর্বর্তী সরকারের আইনের শাসন ধ্বংসের প্রতিফলন
প্রকাশ : ২১ মে ২০২৬, ১৬:১৫
রামিসাসহ শিশুদের ওপর নির্যাতন অন্তর্বর্তী সরকারের আইনের শাসন ধ্বংসের প্রতিফলন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শিশুরা জাতির ভবিষ্যৎ, আগামীর বাংলাদেশের কাণ্ডারি। কিন্তু গভীর উদ্বেগ, ক্ষোভ ও চরম ঘৃণা ভরা বেদনায় আমরা লক্ষ্য করছি— আজকের বাংলাদেশ আমাদের শিশুদের জন্য এক ভয়াবহ অনিরাপদ ভূখণ্ডে পরিণত হয়েছে জানিয়ে সম্প্রতি ধর্ষণের পর হত্যার শিকার রামিসাসহ শিশুদের ওপর পাশবিক নির্যাতন ও নৃশংস হত্যার প্রতিবাদে শিশুদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ।


বৃহস্পতিবার (২১ মে) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও সংগঠনটির দপ্তর সম্পাদক ড. মাহবুব আলম প্ৰদীপের প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রের চরম ব্যর্থতা, আইনশৃঙ্খলার অবনতি এবং বিচারহীনতার সংস্কৃতি শিশুদের জীবনকে প্রতিনিয়ত হুমকির মুখে ঠেলে দিচ্ছে।


সাম্প্রতিক সময়ে হামে আক্রান্ত হয়ে শত শত শিশুর মৃত্যুর ঘটনায় গোটা দেশ শোকাহত। বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজও গভীরভাবে শোকাহত। অথচ এখনও কার্যকর জনস্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে সরকারের চরম ব্যর্থতা দৃশ্যমান। এর মধ্যেই একের পর এক শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনা জাতিকে স্তম্ভিত করে তুলেছে। রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারকে পাশবিক নির্যাতনের পর শিরশ্ছেদ করে হত্যা, সিলেটে চার বছরের শিশু ফাহিমা আক্তারকে ধর্ষণের পর হত্যা, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে চার বছরের লামিয়া আক্তারকে ধর্ষণের পর হত্যা, মুন্সীগঞ্জের সিরাজদীখানে ১০ বছর বয়সি আছিয়া আক্তারকে ধর্ষণের পর হত্যা, সিলেটের জকিগঞ্জে দীর্ঘ ৯ মাস বাসায় বন্দি রেখে অমানবিক নির্যাতনের শিকার তাহসিন এবং বনশ্রীতে মাদ্রাসার বাথরুমে ১০ বছরের শিশু আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যু প্রমাণ করে—এই রাষ্ট্র ও সমাজব্যবস্থা শিশুদের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।


আমরা দৃঢ়ভাবে বলতে চাই, এই নৃশংসতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি গত ২০ মাসের চলমান দায়মুক্তি, মব সন্ত্রাস, সামাজিক অবক্ষয় এবং রাষ্ট্রীয় মেটিকুল্যাস ডিজাইনের ফল। গত ১৮ মাসে অন্তর্বর্তীকালীন মুহাম্মদ ইউনূস সরকারের আমলে দেশে যে হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন, মব সন্ত্রাস, সহিংসতা এবং শিক্ষাঙ্গণে মব সন্ত্রাসের বিস্তার ঘটেছে, তা সামাজিক সভ্যতার রন্ধ্রে রন্ধ্রে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং আইনের শাসনকে ধ্বংস করেছে। এর ভয়াবহ প্রতিফলন সমাজের প্রতিটি স্তরে অব্যাহতভাবে চলমান। পরিকল্পিত সন্ত্রাস, বিচারহীনতা ও প্রশাসনিক অকার্যকারিতা সাধারণ মানুষের নিরাপত্তাকে ধ্বংস করে দিয়েছে; সবচেয়ে ঝুঁকির মুখে পড়েছে শিশুরা।


বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজ এই নির্মম পরিস্থিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। অবিলম্বে শিশু হত্যা, ধর্ষণ ও নির্যাতনের সঙ্গে জড়িত সকল অপরাধীর দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একইসাথে জনস্বাস্থ্য, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে কার্যকর করতে রাষ্ট্রকে জবাবদিহির আওতায় আনতে হবে। বাংলাদেশকে শিশুদের জন্য নিরাপদ না করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। আমরা শিক্ষক সমাজ দেশের সকল সচেতন নাগরিক, মানবাধিকার সংগঠন ও গণতান্ত্রিক শক্তিকে শিশুদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করার আহ্বান জানাচ্ছি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com