রামিসা ধর্ষণ-হত্যা : ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ আইনমন্ত্রীর
প্রকাশ : ২১ মে ২০২৬, ১১:২১
রামিসা ধর্ষণ-হত্যা : ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ আইনমন্ত্রীর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৭ দিনের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে এই বিশেষ নির্দেশনা প্রদান করেন।


বৃহস্পতিবার (২১ মে) আইনমন্ত্রী নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে এই নির্মম হত্যাকাণ্ডের বিচারকাজ শেষ করতে সরকারের পক্ষ থেকে যথাযথ ও প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।


এর আগে, গত মঙ্গলবার সকালে পল্লবী সেকশন-১১ এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় শিশুটির বাবা আবদুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন।


মামলায় রামিসাদের পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার এবং অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়। ঘটনার পরই পুলিশ স্বপ্না আক্তারকে আটক করে। প্রধান আসামি সোহেল রানা প্রথম দিকে আত্মগোপনে চলে গেলেও ওই দিন সন্ধ্যায় তাকেও গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃত দুই আসামিকে আজ আদালতে হাজির করা হয়েছে। তবে মামলার অজ্ঞাতনামা আসামি এখনও পলাতক রয়েছে।


মামলা দায়েরের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রধান আসামি সোহেল রানা রামিসাকে নির্যাতন ও হত্যার কথা স্বীকার করেছে। মামলার তদন্ত কর্মকর্তা এবং পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) ওহিদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধান আসামি ম্যাজিস্ট্রেটের সামনেও অপরাধ স্বীকার করে জবানবন্দি দিতে সম্মত হয়েছে।


এদিকে, রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু রামিসার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলে স্বজনরা তাকে গ্রামের বাড়িতে দাফন করেন। স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা এই জঘন্য হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com