
যেখানে মব হবে সেকানেই অ্যাকশন নেয়া হবে বলে জানিয়েছেন নতুন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
বুধবার (২০ মে) রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেছেন, ‘অপরাধী যেই হোক, তার রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা করা হবে না।’
মোসলেহ উদ্দিন জানান, সম্প্রতি অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ-২০২৬ এর স্লোগান ‘আমার পুলিশ, আমার দেশ; সবার আগে বাংলাদেশ’ এই দর্শনকে ধারণ করেই জনগণের সেবক হিসেবে কাজ করতে চায় পুলিশ।
ডিএমপির কমিশনার বলেন, ‘ঢাকা মহানগরে প্রায় তিন কোটি মানুষের বসবাস। এই নগরে ছিনতাই, মাদকের বিস্তার, চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের উৎপাত, অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও হ্যাকিংয়ের মতো অপরাধ নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’
‘এসব অপরাধ দমনে ১ মে থেকে ডিএমপি বিশেষ অভিযান শুরু করেছে। সাইবার হ্যাকিং, সাইবার বুলিং, অনলাইন জুয়া, প্রতারণাসহ প্রযুক্তিনির্ভর অপরাধ প্রতিরোধে ডিএমপি কাজ করছে। নাগরিকদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির সাইবার ইউনিটকে আরও শক্তিশালী করা হচ্ছে। সম্প্রতি ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অধীনে স্থাপিত ডিজিটাল ফরেনসিক ল্যাব আইসিটি মন্ত্রণালয়ের স্বীকৃতি পেয়েছে। এটি সাইবার সুরক্ষা আইনসংক্রান্ত মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর হাট, ঈদ জামাত, শপিং মল ও আবাসিক এলাকার নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।
তিনি আরও জানান, ঘরমুখী মানুষের নিরাপদ ও নিরবচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করতে বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেলওয়ে স্টেশনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় এবং অতিরিক্ত যাত্রী বহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঈদের ছুটিতে নগরীর নিরাপত্তায় অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হবে।
ঈদকে সামনে রেখে নগদ টাকার লেনদেন কমিয়ে ব্যাংকে লেনদেন করার পরামর্শ দেন ডিএমপি কমিশনার। পাশাপাশি বড় অংকের আর্থিক লেনদেনে তিনি পুলিশের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান।
মোসলেহ উদ্দিন বলেন, ‘আসন্ন ঈদকে ঘিরে অজ্ঞান পার্টি, মলম পার্টি, ছিনতাইকারী, জাল নোট প্রতিরোধে ডিবি ও থানা পুলিশকে সর্বোচ্চ সক্রিয় করা হয়েছে। ডিএমপির প্রতিটি থানায় মত বিনিময় সভা করা হচ্ছে।’
যেকোনো ধরনের অপরাধের তথ্য পুলিশকে জানানোর আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করুন এবং সাথে সাথে পুলিশ ব্যবস্থা নেবে।’
ডিএমপির কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে তিনি সংবাদ সম্মেলনে এলেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]