
তীব্র গরমে জনজীবনে যখন হাঁসফাঁস অবস্থা, তখন দেশের বেশকিছু অঞ্চলে বিচ্ছিন্নভাবে ঝরেছে স্বস্তির বৃষ্টি। এতে চৈত্রের গরম থেকে খানিকটা স্বস্তি মিললেও নতুন করে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বর্ধিত ৫ দিনে তাপমাত্রা আরও বেড়ে তীব্র হতে পারে গরমের দাপট। তবে এই অবস্থার মধ্যেই আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি সোমবার (৩০ মার্চ) একই সময় পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। এরমধ্যে রোববার তাপমাত্রা সামান্য কমলেও সোমবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
এই আবহাওয়াবিদ আরও জানিয়েছেন, মঙ্গল ও বুধবার (৩১ মার্চ-১ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই দু’দিনের মধ্যে মঙ্গলবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও বুধবার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এছাড়া আগামী বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর এই সময়েও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
গত ২৪ ঘণ্টায় সিলেটে দেশের সর্বোচ্চ ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে রংপুরে ৪৯ মিলিমিটার ছাড়াও নীলফামারীর রাজারহাটে ৪৫, দিনাজপুরে ৪২, নীলফামারীর ডিমলায় ৩২, সৈয়দপুরে ৩০, তেঁতুলিয়ায় ২৬ মিলিমিটারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে।
অন্যদিকে শনিবার সন্ধ্যায় বান্দরবানে দেশের সর্বোচ্চ ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে দেশে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]