দারুণ লড়াইয়ে ব্রাজিলকে হারাল ১০ জনের ফ্রান্স
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৭:৩২
দারুণ লড়াইয়ে ব্রাজিলকে হারাল ১০ জনের ফ্রান্স
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অ-অ+

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে ফ্রান্স। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে অনুষ্ঠিত ম্যাচটি ছিল দারুণ লড়াইয়ে ভরপুর।


ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। পঞ্চম মিনিটেই এগিয়ে যাওয়ার বড় সুযোগ পেয়েছিলেন রাফিনহা, তবে সুযোগ কাজে লাগাতে পারেননি বার্সেলোনার এই তারকা। এরপর ধীরে ধীরে ম্যাচে নিয়ন্ত্রণ নিতে শুরু করে ফ্রান্স, বল দখল ও আক্রমণে এগিয়ে যায় তারা।


৩২তম মিনিটে দারুণ এক আক্রমণ থেকে গোলের দেখা পায় ফরাসিরা। উসমান দেম্বেলের নিখুঁত পাস ধরে দ্রুতগতিতে ডিফেন্স ভেঙে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। তার এই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ফ্রান্স।


দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় ব্রাজিল। একাধিক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না তারা। ম্যাচের ৫৫তম মিনিটে নাটকীয় মোড় নেয় খেলা। ভিএআর পর্যালোচনার পর ফাউলের ঘটনায় সরাসরি লাল কার্ড দেখেন ফ্রান্সের ডিফেন্ডার ডায়ট উপামেকানো। ফলে ১০ জনের দলে পরিণত হয় ফ্রান্স।


একজন কম নিয়ে খেলেও পিছিয়ে পড়েনি ফরাসিরা। ৬৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে তারা। মাইকেল ওলিসের দারুণ থ্রু পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন হুগো একিতিকে।


৭৮তম মিনিটে ব্যবধান কমাতে সক্ষম হয় ব্রাজিল। ফ্রি-কিক থেকে তৈরি আক্রমণে ক্যাসিমিরোর কাটব্যাক থেকে নেয়া শটে মাঝপথে দিক পরিবর্তন করে বল জালে জড়ান ব্রেমার।


শেষদিকে একের পর এক আক্রমণে ফ্রান্সকে চাপে রাখে ব্রাজিল। তবে সমতা ফেরাতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্রান্স।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com