
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে বাস পদ্মা নদীতে পড়ে প্রাণহানির ঘটনার কারণ অনুসন্ধান ও দোষীদের শনাক্তকরণে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। আগামী ৩ দিনের মধ্যে কমিটিকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সিনিয়র সহকারী সচিব ছন্দা পালের সই করা এক আদেশে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলামকে নবগঠিত এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। এছাড়া ৫ জনকে কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে। যেখানে রাজবাড়ী জেলা প্রশাসকের একজন প্রতিনিধি ছাড়াও নৌপুলিশ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একজন করে প্রতিনিধিকে রাখা হয়েছে।
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, নবগঠিত এই কমিটি দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং দায়ীদের শনাক্ত করে আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে। এ ক্ষেত্রে কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে বাস পদ্মা নদীতে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায় নির্ধারণে ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকেও কমিটি গঠন করা হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]