যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করে ইরানের পাল্টা ৫ শর্ত
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ২৩:৫১
যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করে ইরানের পাল্টা ৫ শর্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের দেয়া শান্তি পরিকল্পনাকে অযৌক্তিক আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে ইরান। একইসঙ্গে পাল্টা পাঁচ দফা প্রস্তাব দিয়েছে তেহরান।


স্থানীয় সময় বুধবার (২৫ মার্চ) পাকিস্তানের মাধ্যমে পাওয়া মার্কিন শান্তি পরিকল্পনার নেতিবাচক প্রতিক্রিয়া জানায় ইরান।


নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভিকে বলেন, ‘চলমান যুদ্ধ শেষ করার লক্ষ্যে দেয়া মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করছে ইরান।


ওই কর্মকর্তা বলেন, ইরান যখন সিদ্ধান্ত নেবে এবং তার নিজস্ব শর্ত পূরণ হবে, তখনই এই যুদ্ধ শেষ হবে। মধ্যপ্রাচ্যজুড়ে ইরান হামলা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।


প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যানের পাশাপাশি ওই কর্মকর্তা ইরানের পাঁচ দফা শর্ত তুলে ধরেছেন।


এতে রয়েছে ইরানি কর্মকর্তাদের হত্যা বন্ধ, ভবিষ্যতে আর কোনো হামলা না হওয়ার নিশ্চয়তা, যুদ্ধের ক্ষতিপূরণ দেয়া, সংঘাতের অবসান এবং হরমুজ প্রণালির ওপর ইরানের স্বাধীন নিয়ন্ত্রণ নিশ্চিত করা।


প্রেস টিভি জানিয়েছে, ওয়াশিংটন বিভিন্ন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আলোচনা চালিয়ে যাচ্ছে, তবে তেহরান এই প্রস্তাবগুলোকে ‘অতিরিক্ত’ বলে মনে করছে।


বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, ক্ষতিপূরণ ও হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ বজায় রাখার মতো শর্তগুলো হোয়াইট হাউসের কাছে গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা কম।


এর আগে আল জাজিরার সাংবাদিক ওসামা বিন জাবাইদ জানান, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসন পাকিস্তানকে একটি নথি দেয়, যেখানে যুদ্ধবিরতির শর্তগুলো উল্লেখ রয়েছে। সেই নথিটিই পাকিস্তান ইরানের হাতে তুলে দিয়েছে। এখন ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক জবাবের অপেক্ষা করা হচ্ছে।


গত মঙ্গলবার এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস জানায়, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে ইরানের কাছে ১৫ দফার একটি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এই ১৫ দফা পরিকল্পনার খবর প্রকাশ পাওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম কিছুটা কমে এবং শেয়ারবাজার কিছুটা ঘুরে দাঁড়ায়। প্রায় চার সপ্তাহ ধরে চলা এই যুদ্ধে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com