দেশে এক মাসের জ্বালানি তেল মজুত আছে: মন্ত্রিপরিষদ সচিব
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ২১:৪৭
দেশে এক মাসের জ্বালানি তেল মজুত আছে: মন্ত্রিপরিষদ সচিব
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশে সব ধরণের জ্বালানি তেলের এক মাসের মজুত আছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।


বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।


আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে ঢাকায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এ সভার বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী বিষয়টি রিভিউ করার জন্যে সরকারি যত সামর্থ্য আছে, সমস্ত কিছু সেগুলো যাচাই করেছেন। উনি দেখেছেন যে কীভাবে চলছে, কাজ কী কী অগ্রসর হয়েছে, মন্ত্রণালয় কী কী পদক্ষেপ নিয়েছে এবং আমাদের কী অবস্থা আছে। আমি জাস্ট সংক্ষেপে এটুকু বলতে পারি যে, আমাদের এর আগে জেনারেলি (সাধারণত) ১৫ দিনের একটা মজুত থাকত। তো এখন পর্যন্ত রিজার্ভ সাফিশিয়েন্ট (পর্যাপ্ত) রয়েছে।’


এখন মজুত ১৫ দিনেরই আছে কী না জানতে চাইলে তিনি বলেন, ‘না, এখন এক মাসের– এক মাসের মতো আছে আমার কাছে।’ এক মাসের মজুত কোন কোন তেলের আছে– জানতে চাইলে তিনি বলেন, ‘সব তেলেরই আছে।’


এ সময় মানুষ আতঙ্কে তেল কিনছে জানিয়ে নাসিমুল গনি বলেন, ‘এইগুলো (জ্বালানি তেল) তো অতিরিক্ত কিনলে নষ্টই হবে বলে মনে হয়। তো এইগুলো হচ্ছে কিছু। তো সেটা হয়ত আর কয়েকদিন পরে কেটে যাবে মানুষের মধ্যে আস্থা ফেরত আসলে। সরকার আগামী খুব শীঘ্রই যে প্ল্যান নেওয়া হয়েছে, তাতে এই রিজার্ভটা আরও বড় করার চেষ্টা করা হচ্ছে।’


বিবার্ত/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com