
দক্ষিণ আমেরিকার কলম্বিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৬৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৫০ জন। খবর জানিয়েছে বিবিসি।
স্থানীয় সময় সোমবার (২৩ মার্চ) পুতুমায়ো প্রদেশের পুয়ের্তো লেগুইজামো এলাকা থেকে উড্ডয়নের সময় মার্কিন নির্মিত সি-১৩০ হারকিউলিস বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি মূলত সেনা পরিবহনের কাজে ব্যবহৃত হচ্ছিল।
বিমানবাহিনীর কমান্ডার কার্লোস ফার্নান্দো সিলভা রুয়েদা জানান, দুর্ঘটনাকবলিত বিমানটিতে মোট ১২৫ জন আরোহী ছিলেন, যার মধ্যে ১১৪ জন সেনা সদস্য।
তবে হতাহতের সংখ্যা নিয়ে কিছুটা ভিন্ন তথ্য পাওয়া গেছে। একটি সামরিক সূত্র এএফপিকে জানিয়েছে, ছয়জন বিমানবাহিনীর সদস্য ও দুজন পুলিশ কর্মকর্তাসহ ৫৮ জন নিহত হয়েছেন। অন্যদিকে, দুটি সামরিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, নিহতের সংখ্যা ৬৬ জনে পৌঁছেছে।
কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ এই ঘটনাকে 'দেশের জন্য অত্যন্ত দুঃখজনক' উল্লেখ করে বলেন, বিমানটিতে আগুন লাগার পর ভেতরে থাকা গোলাবারুদ বিস্ফোরিত হয়, যা হতাহতের সংখ্যা বাড়িয়ে দেয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কলম্বিয়ার বিমান বাহিনীর সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্ঘটনা। উদ্ধার ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]