দুর্নীতির সঙ্গে জড়িতদের কোনো ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ২২:৪০
দুর্নীতির সঙ্গে জড়িতদের কোনো ছাড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মাদক, সন্ত্রাস এবং দুর্নীতির সঙ্গে জড়িত তাদের কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।


সোমবার (২৩ মার্চ) বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার এম এন একাডেমি মাঠে বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত কে এম ওবায়দুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।


তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর লড়াই সংগ্রামের পর আমাদের সুযোগ এসেছে দেশ গঠনের। মাদক ও দুর্নীতিমুক্ত সুন্দর একটি দেশ গড়তে চাই, সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানাই।’


শামা ওবায়েদ বলেন, ‘আপনারা সবাই বলেন আমার আব্বা ওবায়দুর রহমানের লোক আপনারা। আমার আব্বা সৎ মানুষ ছিলেন। আপনারা যদি আব্বার লোক হয়ে থাকেন তাহলে আব্বার মতো সকলে সৎভাবে জীবন যাপন করুন। মাদক, সন্ত্রাস এবং দুর্নীতির সঙ্গে জড়িত তাদের কোনো ছাড় দেয়া হবে না।’


তিনি আরও বলেন, ‘আমার নাম ভাঙিয়ে কেউ যদি কোনো সরকারি দফতরে অন্যায়ভাবে কাজের জন্য যান তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এরইমধ্যে সরকারি দফতরগুলোতে চিঠি পাঠানো হয়েছে। আমি নিজে ন্যায়ের পথে আছি এবং থাকবো। অন্যায়ের পথে যারা থাকবে তারা আমার সাথে না থাকলেও চলবে।’


স্মরণসভায় জেলা বিএনপি, নগরকান্দা ও সালথা উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং সহস্রাধিক সাধারণ মানুষ অংশ নেন। সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নেন উপস্থিত সকলে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com