পাঁচ জেলায় একদিনে সড়ক দুর্ঘটনায় ২৩ প্রাণহানি
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ২৩:৩৩
পাঁচ জেলায় একদিনে সড়ক দুর্ঘটনায় ২৩ প্রাণহানি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশের পাঁচ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে পড়ে আহত হয়েছেন আরও ১৭ জন। সবমিলিয়ে এসব ঘটনায় আহতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪২ জনে।


শনিবার (২১ মার্চ) গভীর রাত থেকে রবিবার (২২ মার্চ) দিনভর বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে।


সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে। রাত প্রায় ৩টার দিকে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকাগামী ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হন। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, দুইজন নারী ও তিন শিশু রয়েছে। দুর্ঘটনার সময় বাসটিকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায় ট্রেনটি।


স্থানীয়দের অভিযোগ, রেলগেটের দায়িত্বে থাকা গেটম্যানের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ তিনটি তদন্ত কমিটি গঠন করেছে এবং দুই গেটম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


কুমিল্লার ঘটনার কয়েক ঘণ্টা পর হবিগঞ্জের মাধবপুরে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে চারজন নিহত হন। নিহতদের মধ্যে এক নারী ও এক কিশোর রয়েছে। পুলিশ ধারণা করছে, গভীর রাতে বা ভোরের দিকে দুর্ঘটনাটি ঘটে।


ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হন। আহত হন আরও পাঁচজন। সড়কে কাজ চলার কারণে ধীরগতির অ্যাম্বুলেন্সকে পেছন থেকে বাস ধাক্কা দিলে যানজট সৃষ্টি হয়। পরে দ্রুতগতির আরেকটি বাস এসে জটলায় ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।


কিশোরগঞ্জের কুলিয়ারচরে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।


পাবনা-নাটোর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার গাছে ধাক্কা লাগলে জুলফিকার ইসলাম জিল্লু (২৬) নামে এক যুবক নিহত হন। তিনি পরদিন বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং দাওয়াত দিতে যাচ্ছিলেন।


সুনামগঞ্জের শান্তিগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাফিকুল ইসলাম (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। রোববার (২২ মার্চ) দুপুরে উপজেলার গাগলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবক শান্তিগঞ্জের মুক্তাখাই গ্রামের মৃত উকিল আলীর ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শান্তিগঞ্জের নিজ গ্রাম মুক্তাখাই থেকে সাফিকুল ইসলাম ও তার দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেল করে তাহিরপুরের পর্যটন কেন্দ্র শিমুল বাগানে ঘুরতে যাওয়ার জন্য রওনা দেন। উপজেলার গাগলী এলাকায় এসে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। পরে সেখানে থাকা স্থানীয়রা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। তার সাথে থাকা দুই বন্ধুর মধ্যে সাইদুল ইসলামের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয় এবং একজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়।


সুনামগঞ্জ সদর হাসপাতালের ডিউটি অফিসার আমজাদ হোসেন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজনের মধ্যে একজনকে মৃত ঘোষণা করা হয়েছে এবং একজনের অবস্থা গুরুতর হওয়ায় সিলেটে রেফার করা হয়েছে।


অন্যদিকে বান্দরবানের সুয়ালক এলাকায় একটি পর্যটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে অন্তত ১৭ জন আহত হন। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com