আগামী ৫ দিন দেশে বৃষ্টির শঙ্কা, বাড়বে তাপমাত্রা
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ২১:১২
আগামী ৫ দিন দেশে বৃষ্টির শঙ্কা, বাড়বে তাপমাত্রা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রকৃতিতে এখন বৃষ্টির ছোঁয়া, তবে দেশের কোথাও কোথাও গায়ে জ্বালা ধরাচ্ছে তপ্ত রোদ। দেশের আকাশে মেঘের ঘনঘটা আর বজ্রবৃষ্টির পূর্বাভাস থাকলেও গরম থেকে এখনই মুক্তি মিলছে না জনজীবনের।


আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন বিভাগে দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও পাল্লা দিয়ে বাড়বে তাপমাত্রা। মেঘ-বৃষ্টির এই লুকোচুরির মধ্যেই সারা দেশে দিনের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।


রবিবার (২২ মার্চ) সন্ধ্যা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে আজ রোববার (২২ মার্চ) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টিহীন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।


আগামীকাল সোমবার (২৩ মার্চ) থেকে বৃষ্টির আওতা আরও বাড়বে। দ্বিতীয় ও তৃতীয় দিনে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। চতুর্থ ও পঞ্চম দিনেও ঢাকা ও চট্টগ্রামসহ দেশের উত্তরাঞ্চলে এই ধারা অব্যাহত থাকতে পারে।


তবে আশঙ্কার কথা হলো, এই বৃষ্টির মাঝেও থামবে না তাপমাত্রার পারদ। আগামী কয়েক দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য করে বাড়ার প্রক্রিয়া অব্যাহত থাকবে।


গত ২৪ ঘণ্টার আবহাওয়া বিশ্লেষণে দেখা যায়, দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, উত্তরের জনপদ তেঁতুলিয়ায় সর্বনিম্ন ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে, যেখানে সর্বোচ্চ ১৬ মিলিমিটার বৃষ্টিপাতও রেকর্ড করা হয়েছে।


আজ সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৫ শতাংশ। আগামীকাল সোমবার ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টায় এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১১ মিনিটে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com