
ঈদের দিন কূটনীতিক, শিক্ষাবিদসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সকাল ১০টায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এরপর সকাল ১০টায় যমুনায় আসবেন। সেখানে তিনি কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। পরে মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম-ওলামা-মাশায়েখ, শিল্পী-সাহিত্যিক, উচ্চপদস্থ সরকারি ও বেসরকারি কর্মকর্তাসহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।’
ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন বলেও জানান অতিরিক্ত প্রেস সচিব।
দীর্ঘ দেড় যুগের পর এটিই তারেক রহমানের দেশে প্রথম ঈদ। গত ১৭ বছর তিনি লন্ডনে ঈদ উদযাপন করেছেন। গত বছরের ২৫ ডিসেম্বর পরিবার নিয়ে দেশে ফেরেন তিনি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]