কৃষি বিপ্লব ঘটাতে সরকারের খাল খনন কর্মসূচি যুগান্তকারী পদক্ষেপ: তথ্যমন্ত্রী
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১৬:৪৬
কৃষি বিপ্লব ঘটাতে সরকারের খাল খনন কর্মসূচি যুগান্তকারী পদক্ষেপ: তথ্যমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কৃষি বিপ্লব এবং জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচি সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ বলে মন্তব্য করেছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।


সোমবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর স্বনির্ভর খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা জনগণের কাছে যে ওয়াদা দিয়েছি, তা বাস্তবায়ন করতে চাই। আমাদের মধ্যে কোনো দুরভিসন্ধি বা দ্বৈত চরিত্র নেই। আমরা একই কথা বলি, একইভাবে চিন্তা করি এবং সেই অনুযায়ী কাজ বাস্তবায়ন করি।’


তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের বয়স এখনো এক মাস পূর্ণ হয়নি, ভোটারদের আঙুলের কালির দাগও এখনো শুকায়নি। এর মধ্যেই নির্বাচনের সময় দেয়া পাঁচটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।’


মন্ত্রী জানান, ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে, কৃষকদের জন্য কৃষক কার্ড বিতরণের প্রস্তুতি চলছে, কৃষিঋণ মওকুফের উদ্যোগ নেয়া হয়েছে, ইমামদের ভাতা প্রদান শুরু হয়েছে এবং খাল খনন কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে পানি ব্যবস্থাপনা উন্নয়নের কাজ শুরু হয়েছে। ঈদের পরপরই সব গণমাধ্যমকে ডেকে সরকারের এই তৎপরতার বিস্তারিত বিবরণ জাতির সামনে তুলে ধরবেন বলেও জানান তিনি।


অনুষ্ঠানে খাল খনন প্রকল্প নিয়ে সতর্ক করে তথ্যমন্ত্রী বলেন, ‘অসৎ ঠিকাদার ও দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তারা যেন সিন্ডিকেট করে খাল খননের নামে অর্থ লোপাট করতে না পারে, সে বিষয়ে জনগণকে সচেতন থাকতে হবে। খাল খনন প্রকল্প কোনো আয়ের উৎস হতে পারে না। দেশের মালিক জনগণ। জনপ্রতিনিধিরা সেবক আর মন্ত্রীরা জনগণের চাকর। সরকারি কোনো কাজেই আর্থিক অস্বচ্ছতা থাকতে পারবে না।’


ঠিকাদার ও সরকারি কর্মকর্তাদের জনগণের প্রাপ্য সুবিধা সঠিকভাবে বুঝিয়ে দেয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘কেউ ভুল করলে তার খেসারত দিতে হয়, এ বিষয়ে অতীতের রাজনৈতিক ঘটনাবলি থেকেও শিক্ষা নিতে হবে।’


তথ্যমন্ত্রী বলেন, ‘কৃষি বিপ্লব এবং জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচি সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। এর ফলে স্থানীয় কৃষকরা সেচ সুবিধা পাবেন এবং ভূ-উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে। এতে জাতীয় খাদ্য নিরাপত্তাও জোরদার হবে।’


বিবার্তা/এমবি4

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com