শিরোনাম
বাংলাদেশের ভূমিকম্পে কাঁপল কলকাতা
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫৪
বাংলাদেশের ভূমিকম্পে কাঁপল কলকাতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের খুলনা বিভাগের কাছে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা।


শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে অনুভূত এই কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরজুড়ে, বহু ভবন দুলতে দেখা যায় এবং মানুষজন দ্রুত বাইরে বেরিয়ে আসেন। প্রাথমিক তথ্যে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৩ বলে জানানো হয়েছে, তবে ক্ষয়ক্ষতির কোনও নিশ্চিত খবর এখনও পাওয়া যায়নি।


আরও পড়ুন:ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প


সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, শুক্রবার দুপুরে স্থানীয় সময় প্রায় দেড়টার দিকে এই কম্পন অনুভূত হয়। ইউরোপীয়-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) প্রাথমিক তথ্যে ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৫ বলে জানালেও পরে তা সংশোধন করে ৫ দশমিক ৩ মাত্রার বলে জানানো হয়।


ইএমএসসি জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল বাংলাদেশের খুলনা থেকে প্রায় ২৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভারত-বাংলাদেশ সীমান্তের কাছাকাছি হওয়ায় কলকাতা ও আশপাশের এলাকায় স্পষ্টভাবে কম্পন অনুভূত হয়। তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনও তথ্য পাওয়া যায়নি।


অন্যদিকে এনডিটিভি জানিয়েছে, শক্তিশালী কম্পনের পর কলকাতার বিভিন্ন অফিস ভবন থেকে মানুষজন আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন। টেলিগ্রাফ ইন্ডিয়ার খবরে বলা হয়, দুপুর ১টা ২০ মিনিটের দিকে কলকাতাজুড়ে কম্পন অনুভূত হয়, যার উৎস ছিল বাংলাদেশে। রয়টার্সের বরাতে ইএমএসসি জানায়, শুক্রবার বাংলাদেশে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৫ কিলোমিটার।



কলকাতার সল্টলেকের এক অ্যাপার্টমেন্টে বসবাসকারী ১২ বছর বয়সী এক কিশোর জানায়, ‘কম্পন এতটাই জোরালো ছিল যে পুরো ভবন দুলে উঠেছিল’। বেহালার এক তরুণী বলেন, ‘আমার পুরো বিছানা কাঁপতে শুরু করে। আমি চিৎকার করে মায়ের কাছে দৌড়ে যাই।’


এক্সে দেয়া পোস্টে অন্নেষা ঘোষ নামে এক ব্যক্তি লেখেন, ‘জীবনে অনুভূত সবচেয়ে শক্তিশালী কম্পন হতে পারে এটি। কম্পন কয়েক সেকেন্ড ধরে স্থায়ী ছিল। ভবন কেঁপেছে। তাক থেকে জিনিসপত্র পড়ে গেছে। সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।’


প্রাথমিক খবরে বলা হয়, ভূমিকম্পের কেন্দ্র ছিল বাংলাদেশের খুলনা বিভাগের সাতক্ষীরা এলাকায়। বিভিন্ন হিসাবে এর মাত্রা ৪ দশমিক ৯ থেকে ৫ দশমিক ৪-এর মধ্যে উল্লেখ করা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com